প্রধান বিচারপতির অভিশংসন চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি, জানে না বঙ্গভবন
সংবিধান লঙ্ঘন, শপথভঙ্গ ও অসদাচরণের অভিযোগে প্রধান বিচারপতির অভিশংসন চেয়ে আপিল বিভাগের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন বলে জানা গেছে। তবে রাষ্ট্রপতির প্রেস সচিব জানিয়েছেন, এ ধরনের কোনো চিঠি এখনো তাঁরা হাতে পাননি।
সুপ্রিম কোর্ট সূত্র জানিয়েছে, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে অভিশংসনের আবেদন করে আজ রোববার রাষ্ট্রপতির কাছে এ চিঠিটি পাঠিয়েছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী। প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের সব বিচারপতিদের ওই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
তবে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন প্রথম আলো কে বলেছেন, ‘আজ দাপ্তরিক সময়ের মধ্যে এ ধরনের কোনো চিঠি বঙ্গভবনে আসেনি।’
জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের কোনো চিঠি আমি এখনো পর্যন্ত হাতে পাইনি, এটা আমি সাংবাদিকদের কাছ থেকে জানলাম। এ ধরনের কোনো চিঠি আমার কাছে আসলেও আমার কোনো করণীয় থাকবে না, আর চিঠি হাতে না পাওয়া পর্যন্ত আমি কোনো মন্তব্য করতে পারব না।’