প্রধান বিচারপতির আদালত বর্জন নিয়ে পরস্পরবিরোধী অবস্থান
প্রধান বিচারপতির আদালত বর্জন নিয়ে পরস্পরবিরোধী কর্মসূচি দিয়েছেন সরকার-সমর্থক ও সরকারবিরোধী আইনজীবীরা। এ নিয়ে গতকাল বুধবার আইনজীবী সমিতির ব্যানারে পাল্টাপাল্টি সভা ও সংবাদ সম্মেলন করেছেন দুই পক্ষের আইনজীবীরা। সরকারবিরোধী আইনজীবীরা সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত প্রধান বিচারপতির আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, সরকার-সমর্থক আইনজীবীরা তা প্রত্যাখ্যান করেছেন। দুপুরে সমিতির শামসুল হক চৌধুরী হলে অনুষ্ঠিত এক সভায় হাইকোর্টের বেঞ্চ পুনর্গঠনসহ বিভিন্ন ঘটনার প্রতিবাদে প্রধান বিচারপতির আদালত বর্জনের ঘোষণা দেওয়া হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে সমিতির নেতৃত্বাধীন সরকারবিরোধী অংশ আজ বৃহস্পতিবার সকালে আদালত বর্জনের জন্য প্রধান বিচারপতির আদালতের সামনে অবস্থানের সিদ্ধান্ত নেন। বিকেলে সমিতির ব্যানারে সরকার-সমর্থক আইনজীবীরা সংবাদ সম্মেলনে ওই কর্মসূচি প্রত্যাখ্যান করেন। তাঁরা আজ বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতির আদালতে মামলার পরিচালনা কার্যক্রমে অংশ নেওয়ার ঘোষণা দেন। আইনজীবীরা বলেন, অযৌক্তিক কারণে সমিতির পক্ষে আদালত বর্জনের মতো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।