প্রধান বিচারপতির ইফতারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দেওয়া ইফতার অনুষ্ঠানে যোগ দেন। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত ওই ইফতার অনুষ্ঠানে অংশ নেন। খবর বাসসের।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতিথিদের বিভিন্ন টেবিলে যান এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন।
ইফতারের আগে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সুপ্রিম কোর্ট মাজার মসজিদের খতিব আহমেদ হাসান চৌধুরী মোনাজাত পরিচালনা করেন।
অন্যান্যের মধ্যে মন্ত্রিপরিষদের সদস্যরা, সাবেক প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারক, অ্যাটর্নি জেনারেল, জ্যেষ্ঠ আইনজীবী, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নেতারা ইফতার অনুষ্ঠানে যোগ দেন।