প্রধান বিচারপতির ইফতারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেন।
ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব আবু সালেহ মোহাম্মদ সলিমুল্লাহ মোনাজাত পরিচালনা করেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দুজনের বিভিন্ন টেবিল ঘুরে ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়া অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
মন্ত্রিসভার সদস্য, সাবেক প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, তিন বাহিনীর প্রধানেরা, অ্যাটর্নি জেনারেল, জ্যেষ্ঠ আইনজীবী এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ অনুষ্ঠানে যোগ দেন।
এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও আইনমন্ত্রী আনিসুল হক তাঁদের স্বাগত জানান।