প্রধান বিচারপতির কাছ থেকে খোঁজ নেবেন আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতের নেতা মীর কাসেম আলীর মামলায় ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের গাফিলতির ব্যাপারে প্রধান বিচারপতির কাছ থেকে খোঁজ নেবেন বলেন জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
গতকাল শনিবার ঢাকা চেম্বার আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। তাঁর কাছে প্রশ্ন ছিল, মীর কাসেম আলীর মামলা পরিচালনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের কাজে গাফিলতি রয়েছে। এ বিষয়ে প্রধান বিচারপতি সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। মন্ত্রী হিসেবে তিনি বিষয়টিকে কীভাবে দেখছেন। জবাবে আনিসুল হক বলেন, ‘প্রধান বিচারপতি যখন এই কথা বলেছেন, তখন এটা প্রণিধানযোগ্য। আমি এটা খবরের কাগজের মাধ্যমে জেনেছি। আমার জন্য এখন যেটা করণীয় হবে, প্রধান বিচারপতি কী কী বিষয়ে কেন এটা বলেছেন, সেটা সম্পূর্ণভাবে জানার।’
কী বিষয়ে প্রধান বিচারপতি পয়েন্ট আউট করতে চেয়েছেন, তাও জানার চেষ্টা করবেন বলে জানান আইনমন্ত্রী। তিনি বলেন, যদি কোনো ব্যবস্থা নিতে হয়, তবে আপিলের রায় দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মীর কাসেম আলীর আপিলের রায় ঘোষণার জন্য শুনানির তারিখ আগামী ৮ মার্চ।