সংসদ ও সাংসদদের নিয়ে বিচারপতি নজরুল ইসলামের আপত্তিকর মন্তব্যের বিষয়ে প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠাবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। আগামী রোববার আদালতের রেজিস্ট্রারের মাধ্যমে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত স্বাক্ষরিত এ চিঠি পাঠানো হবে।গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভা শেষে সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের এ কথা বলেন। গত ২০ ডিসেম্বর এক আলোচনা সভায় বিচারপতি নজরুল ইসলামের করা আপত্তিকর মন্তব্য নিয়ে সংসদীয় কমিটির সভায় আলোচনা করা হয়। কমিটি এ ধরনের বক্তব্যকে অসৌজন্যমূলক আখ্যায়িত করে।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংসদ ও বিচার বিভাগের মধ্যে মুখোমুখি অবস্থান কোনো দেশের জন্যই মঙ্গলজনক নয়। সুতরাং এ দুটো প্রতিষ্ঠানের মধ্যে সম্ভাব্য সাংঘর্ষিক অবস্থা থেকে উত্তরণের জন্য প্রধান বিচারপতির কাছে একটি চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। গত ২০ ডিসেম্বর রাজধানীতে এক আলোচনা সভায় বিচারপতি নজরুল ইসলাম বলেন, ‘আইনসভার সদস্যদের আইন সম্পর্কে সম্যক ধারণা থাকা উচিত। কেরানি সাহেবেরা খসড়া করে পাঠিয়ে দেয় আর সংসদে সবাই হু হু করে পাস করে দেয়।’এর প্রতিক্রিয়ায় পরদিন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এ ধরনের বক্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হবে।