সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় প্রেষণে থাকা বিচার বিভাগীয় ১০৫ কর্মকর্তাকে বিচারিক কাজে ফিরিয়ে দিতে প্রধান বিচারপতির দেওয়া চিঠি ফেরত পাঠাচ্ছে আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে প্রেষণে নিয়োজিত কর্মকর্তাদের সবাইকে প্রত্যাহার সম্ভব নয়। কারণ, আইন মন্ত্রণালয়ে ৭০ শতাংশ বিচারিক কর্মকর্তা নিয়োগের বিধান রয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের বিচারসংশ্লিষ্ট প্রশাসনিক কাজের জন্য তাঁদের প্রয়োজন রয়েছে। জানা যায়, নিম্ন আদালতগুলোতে বর্তমানে ২৬৮টি জেলা জজ বা যুগ্ম জেলা জজ পর্যায়ের পদ শূন্য রয়েছে। পক্ষান্তরে ১০৫ জন এ পদমর্যাদার কর্মকর্তা প্রেষণে প্রশাসন বিভাগের বিভিন্ন মন্ত্রণালয়ে আইন উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন। এসব আদালতে ১৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে। বিচারক-সংকটে এসব মামলার নিষ্পত্তি বিলম্বিত হচ্ছে।প্রশাসনের কর্মকর্তারা বলছেন, মাসদার হোসেন মামলার রায়ের আলোকে নির্বাহী বিভাগ থেকে বিচারিক কর্মকর্তাদের প্রত্যাহার করে বিচারিক কাজে ফিরিয়ে নেওয়ার প্রধান বিচারপতির পদক্ষেপ গুরুত্বপূর্ণ। সংস্থাপনসচিব ইকবাল মাহমুদ বলেছেন, তাঁরা এ ধরনের নির্দেশ পেলে ওই সব শূন্য পদে নিয়োগ দেওয়ার মতো প্রয়োজনীয় কর্মকর্তা রয়েছেন। গত সপ্তাহে আইন মন্ত্রণালয়কে পাঠানো এক চিঠিতে প্রধান বিচারপতি নির্বাহী বিভাগে কর্মরত সব বিচারিক কর্মকর্তাকে বিচার বিভাগে ন্যস্ত করার জন্য আইন মন্ত্রণালয়কে অনুরোধ জানান। একই সঙ্গে প্রেষণে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের একটি তালিকাও পাঠানো হয়। তালিকায় থাকা এসব কর্মকর্তার প্রেষণের আদেশ বাতিল করে বিচারকাজে নিয়োজিত করার জন্য বলা হয়। মাঠপর্যায়ে অনেক বিচারকের পদ শূন্য আছে—এ কারণ দেখিয়ে প্রেষণ বাতিলের চিঠিটি দেওয়া হয়েছে। আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত সচিব আনোয়ারুল হক ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. শওকত হোসেন ছাড়া অপর কর্মকর্তাদের প্রেষণাদেশ বাতিল করে কাজে পাঠানোর কথা হয়েছে। আইনমন্ত্রী শফিক আহমেদ এ ধরনের কোনো চিঠি মন্ত্রণালয়ে আসেনি বলে জানালেও তাঁর দপ্তরের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, সবাইকে ফেরত দেওয়া সম্ভব নয়। কারণ, সেটি প্রচলিত বিধানের পরিপন্থী হবে। আইন মন্ত্রণালয়ের সচিবসহ অনেক গুরুত্বপূর্ণ পদ বিচারিক কর্মকর্তা দিয়ে পরিচালনার কথা। বিচারিক কর্মকর্তা ছাড়া এসব কাজ শেষ করা সম্ভব নয়। তাই চিঠিটি সংশোধনের জন্য ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।