সেনানিবাসের বাড়ি-সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদনের বিষয়ে প্রধান বিচারপতির কাছে মতামত পাঠিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে প্রধান বিচারপতির কার্যালয়ে এ মতামত দেন হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ।ওই আদালতের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন প্রথম আলোকে জানান, খালেদা জিয়ার করা আবেদনের ওপর ওই বেঞ্চের মতামত জানতে চান প্রধান বিচারপতি। গতকাল এ মতামত জানিয়ে প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠানো হয়েছে। তিনি এ বিষয়ে আদেশ দেবেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, মতামতে বলা হয়েছে, আবেদনে আদালতের প্রতি অনাস্থার কথা বলা হলেও এ ধরনের কোনো ঘটনা এখনো দৃশ্যমান হয়নি। কারণ, বিষয়বস্তুর ওপর এখনো শুনানি শুরু হয়নি।সেনানিবাসের বাড়ি ছাড়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানির জন্য আদালত পরিবর্তন করতে ১১ মে প্রধান বিচারপতির কাছে আবেদন করেন খালেদা জিয়া। এই আবেদনের ওপর মতামত চেয়ে বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসান সমন্বয়ে গঠিত সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চে ১৭ মে চিঠি পাঠান প্রধান বিচারপতি। ওই দিন এই বেঞ্চে খালেদা জিয়ার করা রিটের শুনানির কথা ছিল। তবে সেদিন তাঁর আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ২৪ মে পর্যন্ত শুনানি মুলতবি করেন। এ সময়ের মধ্যে প্রধান বিচারপতির দেওয়া আদেশ লিখিতভাবে জানাতে আবেদনকারী পক্ষকে নির্দেশ দেওয়া হয়।