প্রধান বিচারপতির পক্ষ থেকে সাঁওতালদের সহায়তা প্রদান
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পক্ষ থেকে আজ শনিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মাদারপুর ও জয়পুর গ্রামের ক্ষতিগ্রস্ত সাঁওতালদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
দুপুরে মাদারপুর গির্জার সামনে এক অনুষ্ঠানে প্রধান বিচারপতির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম সাঁওতালদের হাতে এই সহায়তা তুলে দেন। ১৮০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এর মধ্যে নিহত দুই ব্যক্তির পরিবারকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা দেওয়া হয়। অবশিষ্ট ১৭৮টি পরিবারের প্রতিটিকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়। এ ছাড়া সাঁওতালদের ৩০০ কম্বল দেওয়া হয়েছে।
এর আগে মাদারপুর গির্জার সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, অতিরিক্ত রেজিস্ট্রার জেনারেল (অর্থ) জাবিদ হোসেন, গাইবান্ধার জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা, গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার রেজিনুর রহমান প্রমুখ।
গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহত লোকজনের মধ্যে নয়জন তিরবিদ্ধ এবং চারজন গুলিবিদ্ধ হন। সংঘর্ষে দুই সাঁওতাল নিহত হন।