প্রধান বিচারপতির বক্তব্য নিয়ে কথা বলবেন না আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুল হক
আনিসুল হক

বিচার বিভাগে হস্তক্ষেপের বিষয়ে প্রধান বিচারপতির বক্তব্যের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এ বিষয়ে তিনি কোনো কথা বলবেন না। যদি কিছু বলতে হয়, তাহলে তা তিনি প্রধান বিচারপতির সামনেই বলবেন।
গতকাল বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে বৈঠকের পর সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে আইনমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, প্রধান বিচারপতি যেসব বক্তব্য দিয়েছেন, সে বিষয়টি গণমাধ্যম দেখবে।
আইনমন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারা মুক্ত বক্তব্য দেওয়ার স্বাধীনতা ব্যাহত করছে বলে যে কথা বলা হচ্ছে, প্রস্তাবিত ডিজিটাল সিকিউরিটি আইনে তা দূর করা হবে। এই ধারা নিয়ে যে বিভ্রান্তি আছে, তাও দূর করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কোনোভাবেই মতপ্রকাশের স্বাধীনতা বন্ধ করবে না। করার কোনো ইচ্ছাও নেই।
গত মঙ্গলবার এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আইসিটি আইনের ৫৭ ধারা থাকছে না।
গতকাল সাংবাদিকেরা একাধিক সাংবাদিককে আইসিটি আইনের ৫৭ ধারায় মামলা দেওয়া ও গ্রেপ্তারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী বলেন, সুনির্দিষ্টভাবে যেসব মামলার কথা বলা হয়েছে, সেগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তিনি কথা বলবেন। তদন্তে থাকলেও ন্যায়বিচার পাবেন।
অর্থ পাচার নিয়ে জিএফআইয়ের প্রতিবেদন-সংক্রান্ত প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, দেশে একটি ‘অ্যান্টি-মানিলন্ডারিং অ্যাক্ট’ আছে। ওই প্রতিবেদনের তথ্য যদি সত্য হয় এবং যদি আইনে অপরাধ পাওয়া যায়, তাহলে এই আইন অনুযায়ী নিশ্চয় ব্যবস্থা নেওয়া হবে।
ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টেগ্রিটি (জিএফআই) মঙ্গলবার অর্থ পাচার নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, ২০১৪ সালে বাংলাদেশ থেকে প্রায় ৯১১ কোটি ডলার পাচার হয়েছে, টাকার অঙ্কে যা প্রায় ৭২ হাজার ৮৭২ কোটি টাকা।
সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে খুবই ভালো সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেন। এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, তাঁরা এ সম্পর্ককে জোরদার করতে চান। এ জন্য সময়-সময় আলোচনা হবে।