প্রধান বিচারপতির বক্তব্যে দ্বিমত আইনমন্ত্রীর

‘দ্বৈত শাসন’ বিচার বিভাগের ধীর গতির অন্যতম কারণ বলে প্রধান বিচারপতি যে কথা বলেছেন, এর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘আমি প্রধান বিচারপতিকে অত্যন্ত শ্রদ্ধা করি। ওনার বক্তব্য শুনেছি, পড়েছি এবং দেখেছি। অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ওনার (প্রধান বিচারপতি) বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করছি।’
আইনমন্ত্রী গতকাল মঙ্গলবার নিজ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন।
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক্করণের নয় বছর পূর্তি উপলক্ষে গত সোমবার এক বাণী দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তাতে অধস্তন আদালতের বিচারকদের পদোন্নতি ও বদলির ক্ষমতা এককভাবে সুপ্রিম কোর্টের হাতে না থাকায় ‘দ্বৈত শাসন’ সৃষ্টি হচ্ছে জানিয়ে ১৯৭২-এর সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনঃপ্রবর্তন চান প্রধান বিচারপতি। তিনি বলেন, বর্তমানে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বিচার বিভাগের ধীর গতির অন্যতম কারণ।
ব্রিফিংয়ে আইনমন্ত্রী বলেন, ১১৬ অনুচ্ছেদ ’৭২ সালের সংবিধানে যেতে পারলে ৯৬ অনুচ্ছেদ নয় কেন? ষোড়শ সংশোধনীতে অনুচ্ছেদ ৯৬-কে ১৯৭২-এর সংবিধানে যা ছিল তা হুবহু করা হয়েছে।...সেটা হাইকোর্ট বাতিল করে দিয়েছে।...এটা এখন আপিল বিভাগে আছে। তিনি বলেন, একদিকে বলা হচ্ছে ওটা ‘হিস্টোরিক্যাল মিসটেক’, আবার বলা হচ্ছে ১১৬ অনুচ্ছেদ বাহাত্তরে যা আছে তাতে ফিরে যেতে হবে। এটা স্ববিরোধী কথা। তবে বিচারাধীন থাকায় এ বিষয়ে বিস্তারিত বলেননি মন্ত্রী। তিনি বলেন, সংবিধান নিয়ে তিনি কোনো ব্যাখ্যাও দিচ্ছেন না, শুধু ফ্যাক্ট বলছেন।
বাহাত্তরের সংবিধানে ৯৬ অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ছিল এবং ১১৬ অনুচ্ছেদ অনুসারে বিচারকর্ম বিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচার বিভাগীয় দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, ছুটি মঞ্জুরিসহ) ও শৃঙ্খলাবিধান সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত থাকবে। কিন্তু বর্তমান সংবিধানের ১১৬ অনুচ্ছেদে বলা হয়েছে, বিচারকর্ম বিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচার বিভাগীয় দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, ছুটি মঞ্জুরিসহ) ও শৃঙ্খলাবিধান রাষ্ট্রপতির ওপর ন্যস্ত থাকবে এবং সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক তা প্রযুক্ত হবে।
জুডিশিয়ারিতে নিয়োগ, পদোন্নতি, বদলি ও অপসারণের ক্ষমতা রাষ্ট্রের ১ নম্বর ব্যক্তিকে (রাষ্ট্রপতি) দেওয়া হয়েছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কারণে যেন একজন বিচারককে অপসারণ করা না যায় বা তাঁকে অসুবিধায় না ফেলা যায়, সেটা বিচার বিভাগের স্বাধীনতার জন্য অত্যন্ত প্রয়োজন। সে জন্যই রাষ্ট্রের ১ নম্বর ব্যক্তিকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। তিনিই সব বিচার করার পর তাঁদের সরানো যাবে কি না, সবকিছু দেখে তারপর স্বাক্ষর করবেন এবং সেটা সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ সাপেক্ষেই।
আইনমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় না, রাষ্ট্রপতি এখন পর্যন্ত এমন কাউকে অপসারণ করেছেন, যেখানে সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়া হয়নি। তাহলে আজকে এ প্রশ্ন কেন এল?’
নিজেও সুপ্রিম কোর্টের সব সুপারিশ মানার চেষ্টা করেন উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, আইন মন্ত্রণালয় রাষ্ট্রপতির কার্যালয় ও সুপ্রিম কোর্টের মধ্যে সেতু হিসেবে কাজ করে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের বিচারিক কাজের স্বাধীনতা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সেই জন্য ১১৬-ক থাকলে তাঁর মনে হয় না আর ১১৬ আর ১৯৭২ সালে ফিরে যাওয়ার প্রয়োজন আছে। তারপরও পথ বন্ধ হয়নি। বিচারব্যবস্থাকে আরও স্বাধীন করার জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যা যা করা দরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তা-ই করবে। ১১৬-এর পরিবর্তন-সংশোধনের প্রয়োজন হলে সেটাও করা হবে।
আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতির ওই বক্তব্যে অন্য কোনো উদ্দেশ্য আছে বলে তিনি মনে করেন না। প্রধান বিচারপতি যেটা বলেছেন তার প্রধান উদ্দেশ্য হচ্ছে মামলার জট নিরসনের ব্যবস্থা করা। মামলার জট নিরসনে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে তিনিও একমত।
বিচার বিভাগ-সংশ্লিষ্ট বিভিন্ন শূন্য পদ উল্লেখ করে তা পূরণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। এর মধ্যে জেলা জজ ও সমপর্যায়ের ২৯টি শূন্য পদ পূরণের জন্য গত ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের পরামর্শের জন্য পাঠানো হয়েছে। নবম বিজেএস পরীক্ষার মাধ্যমে ১০০ জন সহকারী জজ নিয়োগের সুপারিশের ফাইল গতকালই পাস করার কথা।
সংবাদ ব্রিফিংয়ে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হক উপস্থিত ছিলেন।