প্রধান বিচারপতির বাসভবনে ককটেল হামলাকারীদের খুঁজে বের করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, প্রধান বিচারপতির বাসভবনে ককটেল ফাটিয়ে যারা জনমনে আতঙ্ক এবং অরাজকতা সৃষ্টি করতে চায়, তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠে নেমেছে, তদন্তকাজ চলছে, তদন্ত শেষে ঘটনার সঠিক রহস্য উদ্ঘাটিত হলে দেশবাসী দেখতে পাবে, এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে কারা জড়িত। এদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে গতকাল শনিবার ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার বাড়ি ছাড়ার ব্যাপারে সরকার কোনো হস্তক্ষেপ করেনি। হাইকোর্টের রায় অনুযায়ী স্বেচ্ছায় তিনি বাড়ি ছেড়ে দিয়েছেন। এই ইস্যুতে হরতাল, অবরোধ করলে দেশবাসী তা মেনে নেবে না। মন্ত্রী উপজেলার জয়নগর ইয়ার আলী খান কলেজ মাঠ, শংকরপাশা ফেরিঘাট, সাজাইল গোপীমোহন উচ্চবিদ্যালয় মাঠ, রাজপাট কলেজ মাঠ, পারুলিয়া মাদ্রাসা মাঠে নেতা-কর্মীদের সঙ্গে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় অংশ নেন।