প্রধান বিচারপতির বাসায় বিস্ফোরণ নিয়ে বিরোধী দল মিথ্যাচার করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন অভিযোগ করেছেন, প্রধান বিচারপতির বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়ে বিরোধী দল সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ অভিযোগ করেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঘটনার পর প্রধান বিচারপতির বাড়িতে আমার যাওয়া, সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা করাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন মিথ্যাচার করেছেন।’খোন্দকার দেলোয়ারের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিরোধী দল বলছে, আমি প্রধান বিচারপতির বাড়িতে রাত সাড়ে আটটায় গেছি। কী করে এত দ্রুত আমি সেখানে গেছি? অথচ আমি গেছি রাত পৌনে ১১টার দিকে। বিভিন্ন পত্রপত্রিকায় পরদিন এ খবর ছাপাও হয়েছে।’ ঘটনার আগেই জিডির বিষয়ে বিএনপির বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে গেলে একটি কমান্ড সার্টিফিকেট রেখে আসতে হয়। সেদিন থানায় সে তথ্যই রাখা হয়েছিল।’তদন্তের আগে পাঁচজনের নাম কীভাবে এল জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ ওই পাঁচজনের নাম দিয়েছে, আমরা দিইনি।’ এ সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরীসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।