প্রধান বিচারপতির মায়ের ইন্তেকাল
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের মা বিশিষ্ট সমাজসেবী আছিয়া আক্তার খাতুন (৯৫) গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি দুই ছেলে, পাঁচ মেয়ে নাতি-নাতনি রেখে গেছেন।
প্রধান বিচারপতির মায়ের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ ছাড়া আইনমন্ত্রী আনিসুল হক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, ল’ রিপোর্টার্স ফোরাম ও কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন প্রধান বিচারপতির মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে।
সুুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম রাতে প্রথম আলোকে বলেন, মরহুমার প্রথম জানাজা বাদ এশা কাকরাইলের সার্কিট হাউস জামে মসজিদে অনুষ্ঠিত হয়। আজ সকাল ১০টায় কিশোরগঞ্জের হোসেনপুরের গোলপুকুরপাড় ঈদগাহ ময়দানে মরহুমার দ্বিতীয় জানাজা হবে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।