প্রধান বিচারপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের কথার লড়াই

সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কথার লড়াই হয়েছে। দুই সপ্তাহ সময় চেয়ে ও আপিল বিভাগের সব বিচারপতির (সাত বিচারপতি) উপস্থিতিতে আপিল শুনানির জন্য রাষ্ট্রপক্ষের আরজি নিয়ে গতকাল মঙ্গলবার শুনানির শুরুতে বেশ কয়েক মিনিট ধরে কথার লড়াই চলে।
সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত করে সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়, যা হাইকোর্ট অবৈধ বলে রায় দেন। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চে গত সোমবার শুনানি শুরু হয়। গতকাল ছিল শুনানির দ্বিতীয় দিন। পরবর্তী শুনানি হবে ২১ মে।
গতকাল শুনানির একপর্যায়ে প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের উদ্দেশে বলেন, ‘আপনি কি ইনসিস্ট করছেন? তাহলে পাঁচজনই (পাঁচ বিচারপতি) শুনব।’
আর অ্যাটর্নি আলম বলেন, ‘তাহলে অনাস্থা জানাতে বাধ্য হব। মামলা থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে হবে।’
সকাল ৯টা ১০ মিনিটে শুনানির শুরুতে অ্যাটর্নি জেনারেল সময়ের আরজি জানান। তখন প্রধান বিচারপতি মামলাটি বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করে বলেন, বিচারক অপসারণের এখতিয়ার সংসদ অথবা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল—কার হাতে থাকবে, এটি নির্ধারণ হওয়া উচিত। মামলাটি বিচারকদের শৃঙ্খলাবিধি–সংক্রান্ত। এ নিয়ে শূন্যতা থাকতে পারে না।
অ্যাটর্নি জেনারেল সাতজন বিচারকের বদলে পাঁচজনের বেঞ্চ নিয়ে আপত্তি তুলে বলেন, ‘সবাইকে নিয়ে শুনবেন এটি প্রার্থনা, এখানে ভুল কোথায়? বলেছেন সবাই শুনবেন। পাঁচজন শুনছেন। এভাবে চললে অনাস্থা দিতে বাধ্য হব।’
অ্যাটর্নি জেনারেল বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকেও এ বেঞ্চে যুক্ত করতে বলেন। প্রধান বিচারপতি বলেন, ‘সবাইকে নিয়ে শুনানি করতে হবে এমন শর্ত দেওয়া যায় না। একজন বিচারপতি অসুস্থ থাকতে পারেন, একজন বিদেশে থাকতে পারেন। একজন তো জুলাইয়ে অবসরে যাবেন। আবার কেউ জুলাই পর্যন্ত অসুস্থ থাকতে পারেন। সব পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রধান বিচারপতিকে আদালত চালাতে হয়।’
৯টা ২৫ মিনিটের দিকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা হাইকোর্টের দেওয়া রায় উপস্থাপন শুরু করেন। মাঝে আধঘণ্টা বিরতি দিয়ে বেলা পৌনে একটা পর্যন্ত শুনানি চলে। রাষ্ট্রপক্ষ সোমবার প্রথম দিনের শুনানিতে হাইকোর্টের দেওয়া রায় উপস্থাপন শুরু করে; গতকাল তা শেষ হয়।
তিন বিচারপতির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন। অবৈধ ঘোষণার রায়ের সঙ্গে ভিন্নমত পোষণ করে অপর এক বিচারপতি রায় দেন।
গতকাল শুনানির সময় ১২ অ্যামিকাস কিউরির মধ্যে ড. কামাল হোসেন, আমীর–উল ইসলাম, এম আই ফারুকী ও আবদুল ওয়াদুদ ভুঁইয়া উপস্থিত ছিলেন। ড. কামাল হোসেন দাঁড়িয়ে জানান, তিনি তাঁর লিখিত বক্তব্য দাখিল করেছেন। এ ছাড়া এম আমীর-উল ইসলাম ও আবদুল ওয়াদুদ ভুঁইয়া তাঁদের লিখিত বক্তব্য দাখিল করেন। শুনানিকালে রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ উপস্থিত ছিলেন।
অ্যাটর্নি জেনারেল শুনানির জন্য দুই সপ্তাহ সময় চাইলে আদালত ২১ মে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শুনানি মুলতবি রাখেন।
পরে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘দুটি দরখাস্ত দাখিল করা হয়েছে। একটিতে হাইকোর্টের রায়ে একটি জায়গায় বলা হয়েছে, সংসদ সদস্যদের মধ্যে একটা বিরাট অংশের বিরুদ্ধে ক্রিমিনাল রেকর্ড আছে। সেটি আমি দরখাস্ত করেছি আদালতে, যে সংসদ সদস্যদের ভেতরে কারা কারা অপরাধের সঙ্গে যুক্ত, এ তালিকা চাওয়া হোক। আদালত বলেছেন, শুনানির সময় বা রায়ের সময় দেখবেন। আরেকটি ছিল দুজন বিচারপতিসহ যাতে এ মামলাটি শুনানি করা হয়। বিষয়টির ওপর আমি আগাগোড়াই জোর দিচ্ছি, যেহেতু এটা সাংবিধানিক ব্যাপার। আপিল বিভাগের সব কজন বিচারপতি যাতে শুনানিতে অংশগ্রহণ করেন, সেটি বলে আসছি। দরখাস্ত দিয়েছি যে বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন উনারাও যাতে শুনানিতে অংশ নিতে পারেন, সে জন্য তালিকায় তাঁদের রাখা। উনাদের না আসা পর্যন্ত এবং আমাদের প্রস্তুতির জন্য সময় প্রার্থনা করেছিলাম।’
এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি বলেছি, সবাই (সাত বিচারপতি) যদি না শুনেন, সবাইকে যদি যুক্ত না করেন, সে ক্ষেত্রে আমি হয়তো এ মামলা থেকে নিজেকে প্রত্যাহার করার চিন্তাও করতে পারি। অনাস্থার ব্যাপারে অ্যাটর্নি জেনারেল বলেন, অনাস্থার কথা ওইভাবে আসেনি। বলেছি, প্রধান বিচারপতি গত তারিখে বলেছেন, সব বিচারপতিকে যুক্ত করেই মামলাটি শুনবেন। আজকে একপর্যায়ে বললেন পাঁচজন শুনবেন। তখন আমি বলেছি, আপনারা যদি আপনাদের আগের অবস্থান থেকে সরে আসেন, তাহলে আমি অনাস্থা দিতে বাধ্য হব। আদালত বলেছেন, যখন সাবমিশন শুরু হবে, সবাইকে যুক্ত করা হবে।’
বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী পাস হয়। ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশ করা হয়। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী হাইকোর্টে রিট আবেদন করেন। চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ৫ মে হাইকোর্টের তিন বিচারপতির সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। আপিল বিভাগ গত ৭ মার্চ আপিল শুনানিতে জ্যেষ্ঠ ১২ আইনজীবীকে অ্যামিকাস কিউরি (আইনি সহায়তাকারী) হিসেবে নিয়োগ দেন।