প্রধান বিচারপতির সঙ্গে আইনজীবীদের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের নিরাপত্তা ও পরিবেশ বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ মতবিনিময় ও আলোচনা হয়। এ সময় আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন বলে সূত্র জানিয়েছে।
সূত্রমতে, বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত মতবিনিময় চলে। মতবিনিময়ে সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ড. কামাল হোসেন, এম আমীর-উল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার ও রোকনউদ্দিন মাহমুদ, বর্তমান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম ও এ এফ হাসান আরিফ, আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে জানতে চাইলে ড. কামাল হোসেন বলেন, ‘এই অঙ্গনের পবিত্রতা রক্ষা করার জন্য সবাই মিলে একবাক্যে কথা বলেছি।’
অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, ‘আদালতের পরিবেশ যাতে ঠিক থাকে, যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়, মাইকিং না হয়, আদালতের কার্যক্রমে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, পরিবেশ যাতে ঠিক থাকে, এ জন্য উনি (প্রধান বিচারপতি) সবার পদক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন। এ ব্যপারে সবার দৃষ্টি আকর্ষণ করেছি।’
হরতালের পক্ষে-বিপক্ষে সমাবেশে মাইক ব্যবহার করা নিয়ে এর আগে সরকার-সমর্থক এবং বিএনপি ও জামায়াত-সমর্থক আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।