প্রধান বিচারপতির সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাক্ষাৎ

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে তিনি দেখা করেন।
সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ প্রথম আলোকে বলেন, বিকেলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় এক ঘণ্টা সেখানে তিনি অবস্থান করেন।
পাকিস্তানের সঙ্গে তুলনা করায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কঠোর সমালোচনা করে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ওই হুমকি আমাকে দিয়ে লাভ নেই।’ তিনি বলেন, সব সহ্য করলেও পাকিস্তানের সঙ্গে তুলনা তাঁরা কিছুতেই সহ্য করবেন না। ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা স্মরণে এই সভার আয়োজন করে দলটি।
১ আগস্ট সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর থেকেই এ রায়, বিশেষ করে রায়ের পর্যবেক্ষণ নিয়ে রাজনৈতিক ও আইন অঙ্গন সরগরম হয়ে উঠেছে। মন্ত্রী, সাবেক বিচারপতি থেকে শুরু করে বিভিন্ন মহল এ নিয়ে কথা বলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিতভাবে আলোচনা করলেও এই প্রথম প্রকাশ্যে বক্তব্য দেন।