প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক করতে প্রধান বিচারপতির আশু হস্তক্ষেপ কামনা করেছেন দেশের ১৬টি দৈনিক পত্রিকার সম্পাদকেরা। গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে তাঁরা এ আবেদন জানান।

বিবৃতিতে সম্পাদকেরা বলেন, ‘আমরা মনে করি, দেশে গণতন্ত্রের বিকাশে বিচার বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিক সমাজ এ ব্যাপারে সচেতন। বাংলাদেশের গণমাধ্যম বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতাও গণতন্ত্রের জন্য অপরিহার্য। এই স্বাধীনতা সমুন্নত রাখতে সংবাদমাধ্যম দৃঢ়প্রতিজ্ঞ।’

বর্তমান প্রেক্ষাপটে সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ, বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান ও বিচারপতি এ টি এম আফজালের সমন্বয়ে গঠিত আপিল বিভাগের দেওয়া একটি পর্যবেক্ষণের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করেন সম্পাদকেরা। তাঁরা বলেন, ‘১৯৯৩ সালে সলিম উল্লাহ বনাম রাষ্ট্র মামলায় আদালত বলেছেন যে সংবাদপত্রের স্বাধীনতা আমাদের সংবিধানে স্বীকৃত। আদালতের বিরুদ্ধে সমালোচনা করা হলে তাঁকে তা মেনে নিতে হবে। [সূত্র: ৪৪ ডিএলআর (এডি) (১৯৯২) ৩০৯]। সংবিধানের ৩৯(২)(খ) অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা-দানের কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক। তাই গণমাধ্যম দৃঢ়ভাবে বিশ্বাস করে, সুপ্রিম কোর্ট সংবিধানের এই ধারা সমুন্নত রাখতে সচেষ্ট থাকবেন।’

বিবৃতিতে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে প্রথম আলোর একটি উপসম্পাদকীয় লেখার জন্য পত্রিকার সম্পাদক ও যুগ্ম সম্পাদকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে কেন শাস্তি দেওয়া হবে না এবং কারণ দর্শানোর জন্য রুল জারি করা হয়েছে। শুধু তাই নয়, এ-সংক্রান্ত দুটি বিবৃতি ছাপানোর জন্য রোববার আরও দুটি পত্রিকা সমকাল ও নয়া দিগন্ত -এর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আদালত রুল দেন এবং বিবৃতিদাতা সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে বুধবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।’

সম্পাদকেরা বলেন, ‘আমরা লক্ষ করেছি যে হাইকোর্টে এই মামলা শুনানিকালে কয়েকজন সিনিয়র আইনজীবী সাংবাদিক ও সংবাদপত্রের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। সাংবাদিকদের সততা নিয়ে ঢালাওভাবে অসত্য অভিযোগ এনে গোটা সংবাদমাধ্যমকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। আমরা এ ধরনের উসকানিমূলক ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আমরা লক্ষ করছি যে সংবাদপত্র ও বিচার বিভাগকে অকারণে মুখোমুখি দাঁড় করানোর প্রচেষ্টা চলছে, যা সংবাদপত্রের স্বাধীনতা ও বিচার বিভাগের মর্যাদার জন্য ক্ষতিকর। আমরা উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক করতে মাননীয় প্রধান বিচারপতির আশু হস্তক্ষেপ কামনা করছি।’

বিবৃতিতে সই করেছেন দৈনিক সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার, দ্য নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম, নয়া দিগন্ত-এর সম্পাদক আলমগীর মহিউদ্দিন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, কালের কণ্ঠ-এর সম্পাদক ইমদাদুল হক মিলন, নিউ এজ-এর সম্পাদক নুরুল কবীর, দ্য ইনডিপেনডেন্ট-এর সম্পাদক এম শামসুর রহমান, ঢাকা ট্রিবিউন-এর সম্পাদক জাফর সোবহান, দৈনিক আলোকিত বাংলাদেশ-এর প্রধান সম্পাদক শাহজাহান সরদার, সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক নঈম নিজাম, আমাদের সময়-এর সম্পাদক আবু হাসান শাহরিয়ার, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক ও দৈনিক পূর্বকোণ-এর সম্পাদক তসলিমউদ্দিন চৌধুরী।