প্রধান মাতব্বরের আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলায় সালিসি বৈঠকে গৃহবধূকে ন্যাড়া করে দেওয়ার মামলার প্রধান আসামি সাদেক হোসেন বাবুকে গতকাল বুধবার জেলহাজতে পাঠানো হয়েছে। বগুড়ার মুখ্য বিচারিক হাকিমের আদালত তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, ওই সালিসি বৈঠকের প্রধান মাতব্বর সাদেক হোসেন গতকাল দুুপুরে বগুড়ার মুখ্য বিচারিক হাকিম সাবিনা ইয়াসমিনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে জামিনের আবেদন নামঞ্জুর করেন। প্রায় ১৪ বছর আগে বগুড়ার উপজেলার নশরৎ ইউনিয়নের বিনাহালী গ্রামের ওই গৃহবধূর (২৬) বিয়ে হয় পার্শ্ববর্তী দুপচাঁচিয়া অর্জুনগাড়ী গ্রামে। তাঁর স্বামী সম্প্রতি তাঁর বিরুদ্ধে ঢাকায় অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগ আনলে ৬ মে বিনাহালী গ্রামে সালিসি বৈঠক বসে। সালিসে তাঁকে দোষী সাব্যস্ত করে মাথা ন্যাড়া করে দেওয়া হয়।এ ঘটনায় ব্র্যাকের আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলার হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড সার্ভিসেস শাখার ব্যবস্থাপক বিলকিস বানু ভুক্তভোগী গৃহবধূকে তাঁদের হেফাজতে নেন। এরপর ওই গৃহবধূ ব্র্যাকের হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড সার্ভিসেস শাখার সহায়তায় আদমদীঘি থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন। ঘটনার পর থেকে গৃহবধূ ব্র্যাকের হেফাজতে রয়েছেন। আর তাঁর চার সন্তান রয়েছে মায়ের ফুপুর বাড়িতে।