প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতির পদত্যাগ দাবিতে সংবাদ সম্মেলন
লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতির পদত্যাগ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল সোমবার বিদ্যালয় চত্বরে সংবাদ সম্মেলন হয়েছে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা কমিটির সদস্য সেকেন্দার আলী সরকার। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য এন্দাদুল হক, ব্যবসায়ী সহিদার রহমান, অভিভাবক মোস্তাব আলী প্রমুখ। এতে লিখিত বক্তব্য দেন ওই বিদ্যালয় থেকে ২০০৩ সালে এসএসসি পাস করা ছাত্র মনজুরুল ইসলাম। তিনি বলেন, ‘কালমাটি গ্রামের ব্যবসায়ী সহিদার রহমানের ছেলের বউ মরিয়ম বেগমকে ওই বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক পদে চাকরি দেওয়ার কথা বলে ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইরশাদুল হক ও প্রধান শিক্ষক নায়েব আলী ১০ লাখ টাকা নেন। এরপরও তাঁরা তাঁকে চাকরি দেননি। এমনকি তাঁরা মরিয়মের পরিবারকে টাকাও ফেরত দেননি। এ কারণে গত শনিবার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরে ওই দিন (শনিবার) রাতে সদর থানায় ইরশাদুল তাঁকে মারধরের ঘটনায় একটি মামলা করেন। ওই মামলায় ইরশাদুল ঘটনার সঙ্গে জড়িত না থাকা সত্ত্বেও প্রতিহিংসাপরায়ণভাবে আদিতমারীর বুড়িরদীঘি আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুল হাবিব ও কালমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শামসুজ্জামানকে আসামি করেন। এ কারণে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং ইরশাদুল ও নায়েব আলীর পদত্যাগের দাবি জানাচ্ছি।’
আসাদুল ও শামসুজ্জামান বলেন, ‘আমরা বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির বিষয়ে বিভিন্ন সময় এলাকায় সমালোচনা করেছি। এ কারণে ইরশাদুল আমাদের প্রতি অসন্তুষ্ট ছিলেন। তাই গত শনিবারের ঘটনায় আমরা জড়িত না থাকলেও অন্য ব্যক্তিদের সঙ্গে আমাদের বিরুদ্ধেও তিনি মামলা করেন।’ মরিয়মের পরিবারের কাছ থেকে চাকরির জন্য টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে ইরশাদুল ও নায়েব আলী বলেন, সামাজিক বিজ্ঞান পদে আগে থেকে দুজন শিক্ষক থাকায় ওই পদে মরিয়মের চাকরি হয়নি।