প্রধান শিক্ষক ও সভাপতিকে শাস্তি দিল গ্রামবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ নিয়ে পছন্দের প্রার্থীকে বিদ্যালয়ের গ্রন্থাগারিক পদে নিয়োগ দিয়েছিলেন প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সাবেক সভাপতি। তবে শেষরক্ষা হয়নি। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে বিচারের মাধ্যমে তাঁদের বরখাস্ত, বেতন কর্তন ও জরিমানা করেছে গ্রামবাসী। জরিমানার টাকা তাৎক্ষণিক আদায়ও করা হয়েছে।মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শোলমারী গ্রামে গত বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। শাস্তি পাওয়া দুজন হলেন শোলমারী বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বারী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মহির উদ্দিন মোল্লা। আবদুল বারীকে এক মাস বরখাস্ত ও দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তাঁর আগামী ছয় মাসের বেতন বিদ্যালয়ের তহবিলে জমা হবে। আর মহির উদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, গত এপ্রিল মাসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বারী ও তৎকালীন পরিচালনা কমিটির সভাপতি মহির উদ্দিন চার লাখ ৮০ হাজার টাকা ঘুষ নিয়ে গ্রন্থাগারিক পদে তাঁদের পছন্দের এক প্রার্থীকে নিয়োগ দেন। পরে অন্যান্য শিক্ষক বিদ্যালয়ে বিদ্যুৎ-সংযোগ স্থাপনের জন্য প্রধান শিক্ষকের কাছে ওই টাকার কিছু অংশ চান। কিন্তু তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা আবদুল বারী ও মহির উদ্দিনের ঘুষ নেওয়ার তথ্য ফাঁস করে দেন।বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান সভাপতি আফতাব উদ্দিন জানান, তিনি শিক্ষকদের মাধ্যমে ওই দুর্নীতির অভিযোগ সম্পর্কে অবগত হন। ঘুষের বিষয়টি মুখে মুখে ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ গ্রামবাসীর মধ্যে নিন্দার ঝড় ওঠে। অভিভাবক ও গ্রামবাসীর চাপে বুধবার বিকেলে এ নিয়ে তিনি বিদ্যালয়ের আঙিনায় সভা ডাকেন। সভায় আলোচনার একপর্যায়ে প্রধান শিক্ষক ঘুষ নেওয়ার কথা স্বীকার করে বলেন, গ্রন্থাগারিক নিয়োগে মোট চার লাখ ৮০ হাজার টাকা নেওয়া হয়। এর মধ্যে দুই লাখ টাকা তিনি নিজে নিয়েছেন এবং ৮০ হাজার টাকা সাবেক সভাপতিকে দিয়েছেন। বাকি দুই লাখ টাকা একজন জনপ্রতিনিধিকে দেওয়া হয়েছে বলে দাবি করলেও তাঁর নাম বলতে অস্বীকৃতি জানান তিনি। সাবেক সভাপতি মহির উদ্দিনও সভায় ঘুষের অর্থ নেওয়ার কথা স্বীকার করেন। এরপর তাঁদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়।সভাপতি আফতাব উদ্দিন আরও জানান, সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রধান শিক্ষক আবদুল বারী জরিমানার দুই লাখ টাকার চেক দেন। আর তাঁর ছয় মাসের বেতন বিদ্যালয়ের তহবিলে জমা হবে। এ ছাড়া বহিষ্কারাদেশের কারণে আগামী এক মাস তিনি বিদ্যালয়ে যাওয়া থেকে বিরত থাকবেন। পরিচালনা কমিটির সাবেক সভাপতি মহির উদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হলে তিনি তা নগদ দিয়ে দেন।মহির উদ্দিন তাঁর জরিমানার টাকা নগদ পরিশোধের কথা স্বীকার করেছেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক নিয়োগে দুর্নীতির ঘটনায় প্রধান শিক্ষক ও সাবেক সভাপতিকে জরিমানার ঘটনা স্বীকার করেন।মেহেরপুর জেলা শিক্ষা কর্মকর্তা এস এম সায়েদুর রহমান এ বিষয়ে বলেন, ‘ঘটনাটি শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’