প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্যের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোলগ্রাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সভাপতি শিক্ষক নিয়োগের নামে বাণিজ্য করছেন বলে অভিযোগ উঠেছে।শিক্ষক পদপ্রার্থী কোলগ্রামের মরিয়ম বেগম জেলা শিক্ষা কর্মকর্তা, এডিসি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ছাড়া তিনি গত ২৯ অক্টোবর দুপচাঁচিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।অভিযোগপত্র সূত্রে জানা গেছে, কোলগ্রাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরাজ উদ্দিন ও সভাপতি কামরুজ্জামান উজ্জ্বল এ বছরের শুরুর দিকে সমাজবিজ্ঞান শাখায় শহিদুল ইসলামের কাছ থেকে সাত লাখ টাকা নিয়ে তাঁকে শিক্ষক পদে চাকরি দেন। এ শিক্ষক এমপিওভুক্ত হয়ে কয়েক মাসের সরকারি অংশের বেতন-ভাতাও উত্তোলন করেছেন। পরে সভাপতি ও প্রধান শিক্ষক এ শিক্ষকের বিরুদ্ধে বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তার কাছে সনদ জালিয়াতির অভিযোগ করেন এবং তাঁকে চাকরি থেকে বাদ দেন। শহিদুল ইসলামের স্থলে শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হলে মরিয়ম বেগম আবেদন করেন। মরিয়ম নিয়োগের জন্য সভাপতির সঙ্গে যোগাযোগ করলে তিনি তাঁর কাছ থেকে ১০ লাখ টাকা দাবি করেন। মরিয়ম বেগম টাকা দিতে অস্বীকার করেন। পরে আরেক প্রার্থীর কাছ থেকে আট লাখ টাকা নিয়ে নিয়োগের ব্যবস্থা করেন। ৩১ অক্টোবর ছিল নিয়োগ পরীক্ষা।প্রধান শিক্ষক ফেরাজ উদ্দিন বলেন, ‘সরকারি বিধি মোতাবেক নিয়োগ বোর্ড গঠন ও যাচাই-বাছাই করে শহিদুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছিল। তাঁর নিবন্ধন জাল ছিল, যা আগে জানা যায়নি। পরে জেলা শিক্ষা কর্মকর্তা তদন্ত করে নিবন্ধন জাল প্রমাণিত হওয়ায় তিনি স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছেন। নিয়োগের জন্য তাঁর কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল কি না, তা আমার জানা নেই। তবে নতুন করে ৩১ অক্টোবর সান্তাহার সরকারি হার্ভে বালিকা উচ্চবিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছে।’পরিচালনা পর্ষদের সভাপতি কামরুজ্জামান উজ্জ্বল বলেন, বিদ্যালয়ের উন্নয়নকাজে তাঁর কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। নিবন্ধন জাল প্রমাণিত হওয়ায় তিনি চাকরি ছেড়ে দেন এবং তাঁর পাওনা টাকা ফেরত দেওয়া হয়েছে। টাকা ফেরত দেওয়ার প্রমাণপত্রও রয়েছে। তবে শিক্ষক পদপ্রার্থী মরিয়ম বেগম যে অভিযোগ করেছেন, তা ঠিক নয়।নিয়োগ বোর্ডের সদস্য ও উপজেলা শিক্ষা কর্মকর্তা টি এম আবদুল হামিদ বলেন, ‘মরিয়ম বেগম নামের কেউ আমার কাছে কোনো অভিযোগ করেনি। শিক্ষক নিয়োগে টাকা নেওয়ার ব্যাপারে আমি কিছু জানি না।’