প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে মেরামতের টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরের দোয়ানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাদেকুল ইসলাম ও সভাপতি খতিবুর রহমান কাজ না করেই বিদ্যালয়ের মেরামতের টাকা আত্মসাৎ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ করেছে গ্রামবাসী। বিষয়টি খতিয়ে দেখতে সহকারী শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র বর্মনকে আহ্বায়ক করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দোয়ানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয় সংস্কারের জন্য ৩০ হাজার টাকা বরাদ্দ আসে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাদেকুল ও বিদ্যালয়ের সভাপতি খতিবুর ল্যাট্রিন তৈরি ও চেয়ার কেনার প্রকল্প দাখিল করে ভুয়া ভাউচারে গত ১৫ এপ্রিল ওই টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। জুন মাসে প্রকল্পের কাজ শেষ হলেও আজ পর্যন্ত কাজ করা হয়নি।
বিদ্যালয়ের সহসভাপতি মোহসীন আলী জানান, রেজ্যুলেশন ছাড়াই বিদ্যালয়ের ১০টি আমগাছের ডালপালা কেটে বিক্রি করে দিয়েছেন ছাদেকুল ও খতিবুর। সেই সঙ্গে বিদ্যালয়ের ৫০টি পুরাতন ঢেউটিন ও দরজা-জানালা বিক্রি করেছেন প্রধান শিক্ষক।
ছাদেকুল জানান, শিগগরিই মেরামতের কাজ শুরু করা হবে। গাছের ডাল কাটার বিষয়ে তিনি জানান, এ ব্যাপারে কমিটির রেজ্যুলেশন রয়েছে।
তদন্ত কর্মকর্তা পরিমল চন্দ্র বর্মন জানান, বারবার তাগিদ দেওয়ার পরও তাঁরা বিদ্যালয়ের মেরামতের কাজ করছেন না।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মকবুল হোসেন জানান, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।