জামালপুর সদর উপজেলায় গতকাল সোমবার ট্রাকের চাপায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভটভটির চাপায় এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলায় গতকাল সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হন।
নিহত ব্যক্তিরা হলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গোপালপুর এলাকার রফিকুল ইসলাম (৪৮) ও গোপীনাথপুর গ্রামের আলফা যদ্দিন মেয়ে আরিচা পারভিন (১৬) এবং টাঙ্গাইল সদর উপজেলার বড়দিয়া গ্রামের আমজাদ হোসেন (২৫), মেলেছ মিয়া (৪০) ও সোহাগ (২২)।
জামালপুর সদর থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদারগঞ্জের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জামালপুর পৌর শহরে পরিবার নিয়ে থাকতেন। গতকাল বেলা ১১টার দিকে তিনি স্কুলে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হন। এ সময় তাঁর সঙ্গে মাদারগঞ্জ উপজেলার চর বন্দ গ্রামে বদরুল ইসলাম নামের আরেকজন ছিলেন। তিনি মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন। শহরের কলেজ রোডের পাঁচ রাস্তা মোড় এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তাঁরা আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নেওয়ার পথে রফিকুল ইসলাম মারা যান। বদরুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করেন। খবর পেয়ে পুলিশ এসে ট্রাকচালক নজরুল ইসলামকে (৩০) আটক করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিরুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই রবিউল ইসলাম থানায় একটি মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার গোপীনাথপুর কে এল দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী আরিচা পারভিন পাকুল্যা গ্রাম থেকে কোচিং করে রনি নামের এক প্রতিবেশীর বাইসাইকেল চড়ে বাড়ি ফিরছিল। এ সময় তাদের বাইসাইকেলটি ভাংগুনী এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ভটভটি তাদের চাপা দেয়। এতে আরিফা গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। জামালপুরের নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. জয়নাল বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এলেঙ্গা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. জাহাঙ্গীর আলম বলেন, গতকাল বিকেল সাড়ে পাঁচটায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এ সময় আমজাদ, মোকলেছ ও সোহেল মহাসড়ক থেকে ট্রাকটি সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল। এ সময় ঢাকাগামী অন্য একটি ট্রাক তাদের পেছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আমজাদ নিহত এবং মোকলেছ ও সোহেল আহত হন। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে সাতটার দিকে তারা মারা যায়।