প্রধান শিক্ষক ছাড়াই চলছে সাঘাটার ৩৮ বিদ্যালয়
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষক দিয়ে চালানো হচ্ছে প্রধান শিক্ষকের কাজ। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সাঘাটা উপজেলায় মোট ১৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ৩৮টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এই বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী রয়েছে ৪ হাজার ৮০০ জন। বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকেরা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তবে এতে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বিদ্যালয়গুলো হচ্ছে চর হলদিয়া, পবনতাইড়, চিনিরপটল, গুয়াবাড়ি, কানাইপাড়া, হলদিয়া, গাড়ামারা সিপি, নশিয়ারপাড়া, চর দীঘলকান্দি, থৈকরেরপাড়া, ভরতখালী বন্দর, পদুমশহর, চকদাতেয়া, পশ্চিমবাটি, কচুয়া, দুর্গাপুর, শতিতলা, ২ নম্বর রাঘবপুর, বাঙ্গাবাড়ি, মেচট, পদুশহর মণ্ডলেরপাড়া, শীলপাড়া, মহিষলাঠি, পোড়াগ্রাম, পূর্বপাটি, পশ্চিম বাটি, পাকুরতলা, গজারিয়া, পশ্চিম সাহবাজেরপাড়া, দক্ষিণ শ্যামপুর, গোরেরপাড়া, পূর্ববাঁশহাটা, চান্দপাড়া, কাঠুর, চর নলছিয়া, বেড়া, পাতিলবাড়ি ও পশ্চিম পবনতাইড় কাজী জাফর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এগুলোর মধ্যে তিনটি বিদ্যালয়ে সরেজমিনে খোঁজ নেওয়া হয়েছে। উপজেলার পদুমশহর ইউনিয়নের চকদাতেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বছর ধরে প্রধান শিক্ষক নেই। এখানে ৩৬৫ জন শিক্ষার্থীকে পাঠদান করছেন তিনজন শিক্ষক। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনজু আরা বেগম বলেন, এমনিতেই শিক্ষক-সংকট। উপরন্তু প্রধান শিক্ষক না থাকায় পাঠদানের পাশাপাশি তাঁকেই প্রশাসনিক কার্যক্রম চালাতে হচ্ছে। দুই দিকের কাজ একসঙ্গে চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। ফলে পাঠদানও ব্যাহত হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
চকদাতেয়া গ্রামের অভিভাবক মনছুর আলী বলেন, প্রধান শিক্ষক বিদ্যালয়ের অভিভাবক। অভিভাবক না থাকায় ভারপ্রাপ্ত দিয়ে কাজ চালানো হচ্ছে। এতে প্রতিষ্ঠানের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।
চিনিরপটল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বছর ধরে প্রধান শিক্ষক নেই। এখানে সহকারী শিক্ষক চারজন এবং ছাত্রছাত্রী ২৮৪ জন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলাল হোসেন বলেন, একজন প্রধান শিক্ষককে পাঠদানে তদারকি ছাড়াও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হয়। বাকি শিক্ষকেরা পাঠদানের কাজটি চালিয়ে নেন। এখন এখানে পাঠদানের পাশাপাশি প্রধান শিক্ষকের দায়িত্বও পালন করতে হচ্ছে।
গাড়ামারা সিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই বছর ধরে প্রধান শিক্ষক নেই। এখানে চারজন সহকারী শিক্ষক ও ২৯৩ জন শিক্ষার্থী আছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের উন্নয়নে কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয়। প্রধান শিক্ষকবিহীন অন্য বিদ্যালয়গুলোরও একই অবস্থা।
এসব বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল গোফফার মুঠোফোনে বলেন, প্রধান শিক্ষক চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। সরকারিভাবে শূন্য এসব পদে নিয়োগ দেওয়া হলেই এ সমস্যা থাকবে না। দু–এক মাসের মধ্যেই সরকারি নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।