সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উচ্চবিদ্যালয় চলছে পরিচালনা কমিটির সভাপতির ইচ্ছামতো। গত এক বছরে পাঁচবার প্রধান শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পরীক্ষা হয়েছে তিনবার। দুটি পরীক্ষায় প্রথম হওয়া দুজনকে নিয়োগই দেওয়া হয়নি।সর্বশেষ পরীক্ষায় প্রথম হওয়া একজনকে নিয়োগ দিলেও তাঁকে রেখেই গত শনিবার আরেকজনকে ডেকে এনে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।বিষয়টি নিয়ে সর্বশেষ পরীক্ষায় নিয়োগ পাওয়া প্রধান শিক্ষক সবেন্দ্র চন্দ্র দেবনাথ সুনামগঞ্জের সহকারী জজ আদালতে মামলা করেছেন। মামলায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল খালেককে মূল বিবাদীসহ আরও ১৭ জনকে মোকাবিলা বিবাদী করা হয়েছে।বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রথম নিয়োগ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রমিজ উদ্দিন। কিন্তু তাঁকে নিয়োগ দেওয়া হয়নি। এ বিষয়ে সভাপতিকে কমিটির অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুরোধ করেও কোনো কাজ হয়নি। পরে পরীক্ষার ফল বাতিল করা হয়। এর পরের পরীক্ষায় প্রথম হন বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক সাজ্জাদুর রহমান। কিন্তু এ নিয়োগও সভাপতি ঝুলিয়ে রাখেন। এরপর তাঁকেও নিয়োগ দেওয়া হয়নি।সর্বশেষ গত ৪ জুলাই নিয়োগ পরীক্ষায় চারজন শিক্ষকের মধ্যে প্রথম হন সুনামগঞ্জ শহরের লবজান চৌধুরী উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক সবেন্দ্র চন্দ্র দেবনাথ। সভাপতির স্বাক্ষর করা নিয়োগপত্র নিয়ে তিনি ৭ জুলাই কর্মস্থলে যোগ দেন।জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনন্ত কুমার সিংহ ওই বিদ্যালয়ে একজনকে রেখে শনিবার আরেকজনকে দায়িত্ব দেওয়ার বিষয়টি শুনেছেন। তিনি বলেন, ‘আমার মাধ্যমেই প্রধান শিক্ষক নিয়োগ হয়ে থাকে। সর্বশেষ পরীক্ষায় সবেন্দ্র চন্দ্র দেবনাথ বিশ্বম্ভরপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। এরপর আর কোনো পরীক্ষা হয়নি।’বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিউল আলম বলেন, ‘বিদ্যালয়ে প্রায় ৭০০ শিক্ষার্থী আছে। দীর্ঘদিন প্রধান শিক্ষক না থাকলে সমস্যা তো হবেই। দুবার পরীক্ষা নিয়ে পাস করা দুজনকে নিয়োগ দেওয়া হয়নি। সর্বশেষ একজনকে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু এ নিয়েও জটিলতা চলছে বলে শুনেছি। বিষয়টি আমি তদন্ত করে দেখছি।’এ ব্যাপারে কথা বলার জন্য একাধিকবার সভাপতি আবদুল খালেকের মুঠোফোনে যোগাযোগ করলেও তা বন্ধ পাওয়া যায়।