সুনামগঞ্জের দিরাই উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ এনে ১৮ জনকে আসামি করে সুনামগঞ্জের সহকারী জজ আদালতে মামলা করেছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল আহাদ। মামলায় আসামিরা হলেন: বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী দাস, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রণধীর দাস, শিক্ষক হারুনুর রশিদ, রৌশনারা খাতুন ও মিরা রানী তালুকদার, সাবেক প্রধান শিক্ষক মোজাফর মিয়া তালুকদার, অভিভাবক-সদস্য মজিবুর রহমান, মনোরঞ্জন দাস, উমেশ মজুমদার, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সিলেট শিক্ষা বোর্ডের উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা প্রশাসক ও বিদ্যালয়ের পরিদর্শক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী দাস বলেন, বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম ও সুনাম নষ্ট করতে একটি মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রণধীর দাস বলেন, ‘প্রধান শিক্ষক নিয়োগে কোনো অনিয়ম হয়নি। শিক্ষক আবদুল আহাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় কনিষ্ঠ শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করা হয়েছে। শিক্ষক আবদুর আহাদ এর আগেও একটি মিথ্যা মামলা দায়ের করেছিলেন।