প্রধান শিক্ষক নেই খুলনার ১০৮টি প্রাথমিক বিদ্যালয়ে
খুলনার ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়েই চলছে এসব বিদ্যালয়ের কার্যক্রম। এ ছাড়া এসব বিদ্যালয়ে ১৪১টি সহকারী শিক্ষকের পদ খালি। শিক্ষক-সংকটের ফলে পড়াশোনা ও প্রশাসনিক কাজে ব্যাঘাত ঘটছে।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের হিসাব অনুযায়ী, নতুন জাতীয়করণকৃত বিদ্যালয়গুলো ছাড়া খুলনার ১০টি উপজেলায় ৬৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এর মধ্যে ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য।
সবচেয়ে বেশি প্রধান শিক্ষকের পদ খালি আছে খুলনা সদরে। সদর উপজেলার ৯৪টি পুরোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪১টিতেই প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষকের পদের মধ্যে নগর এলাকায়ই ৬০টি পদ শূন্য।
বাকি উপজেলার মধ্যে দিঘলিয়ায় সাতটি, পাইকগাছায় ১৩টি, কয়রায় সাতটি, ডুমুরিয়ায় নয়টি, তেরখাদায় সাতটি, দাকোপে ছয়টি, ফুলতলায় ছয়টি, বটিয়াঘাটায় চারটি ও রূপসায় আটটি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই।
সদর উপজেলার সাতটি বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, একসঙ্গে সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হচ্ছে অনেককে। বিদ্যালয়ের দৈনন্দিন কাজের পাশাপাশি প্রশাসনিক দায়িত্ব সামলাতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে তাঁদের। এ অবস্থায় ওই শিক্ষকেরা না পড়াশোনার (ক্লাস) খবর নিতে পারছেন, না দাপ্তরিক কাজ ঠিকঠাকভাবে করতে পারছেন।
এ রকম একটা বিদ্যালয় নগরের পশ্চিম টুটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহীনুর আখতার বলেন, ‘এখন আমি সহকারী ও প্রধান শিক্ষকের দ্বৈত ভূমিকা পালন করছি। প্রশাসনিক দিক সামলানোর পর প্রতিদিন সাত-আটটা ক্লাস নেওয়া খুবই কষ্টকর। মাঝেমধ্যে একই সময়ে একাধিক ক্লাস নিতে হয়।’
বর্তমানে এই বিদ্যালয়ে ৩৭২ জন শিক্ষার্থীর জন্য পাঁচজন শিক্ষক আছেন। শিক্ষকের খালি পদের সংখ্যা ছয়টি। কর্মরতদের মধ্যে কেউ প্রশিক্ষণ বা অসুস্থতার জন্য অনুপস্থিত থাকলে সবগুলো ক্লাস নেওয়া প্রায়ই সম্ভব হয় না। একাধিক অভিভাবক বলেন, প্রধান শিক্ষকের পদ খালি থাকায় বিদ্যালয়গুলো অনেকটা অভিভাবকহীন হয়ে পড়েছে। বিদ্যালয়গুলোতে নামমাত্র পড়াশোনা হয়।
এ প্রসঙ্গে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রীনা পারভীন বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের দিয়ে আসলে সবকিছু ঠিকভাবে করা যায় না। সদরে খালি থাকা প্রধান শিক্ষকের পদগুলো সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে পূরণ করার কথা। পদোন্নতি নীতির সঙ্গে দ্বিমত পোষণ করে বেশ কিছু শিক্ষক এ-সংক্রান্ত একটি মামলা করায় আপাতত নিয়োগ বন্ধ আছে। তবে জরুরি ভিত্তিতে শিক্ষক নিয়োগ দিতে এবং পদোন্নতির জন্য তালিকা করে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারভীন জাহান শিক্ষক-সংকটের বিষয়ে বলেন, স্থানীয়ভাবে বিষয়টি সমাধান করার কোনো উপায় নেই। তবে জেলায় ১০৮টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য থাকার বিষয়টি জানিয়ে প্রতি মাসেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি প্রতিবেদন পাঠানো হয়।