প্রধান শিক্ষক নেই, পাঠদান ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রায়পুর উপজেলায় ৭৪টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। পাঠদানের দায়িত্বে থাকা সহকারী শিক্ষকেরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এতে বিদ্যালয়গুলোতে পাঠদান ব্যাহত হচ্ছে।
রামগঞ্জ ও রায়পুর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, রামগঞ্জ উপজেলায় ৫০টি ও রায়পুর উপজেলায় ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ দুই থেকে পাঁচ বছর ধরে শূন্য। শূন্য পদগুলো পূরণের জন্য প্রতি মাসেই জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রতিবেদন পাঠানো হয়। কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না।
খোঁজ নিয়ে জানা গেছে, রায়পুরের মধ্য কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থী রয়েছে। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি শূন্য। দুজন সহকারী শিক্ষকের মধ্যে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমেনা বেগম জানান, তাঁকে প্রশাসনিক কাজ নিয়েই বেশির ভাগ সময় ব্যস্ত থাকতে হয়। অপর শিক্ষক বলতে গেলে একাই পাঠদান করান।
রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ বছর ধরে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষক পালন করছেন প্রধানের দায়িত্ব। অন্য দুজন শিক্ষক ১১০ শিক্ষার্থীকে পাঠদান করাতে গিয়ে হিমশিম খাচ্ছেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রশিদ বলেন, ‘অনেক সমস্যার মধ্যে আছি। মাসের অধিকাংশ দিনই মিটিং ও রিপোর্টের কাজ থাকে। এতে ক্লাস নেওয়া যায় না। ’
রায়পুর উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঈনুল হোসেন বলেন, সহকারী শিক্ষক প্রধানের দায়িত্বে থাকলে অন্য শিক্ষকেরা তাঁর কথা শোনেন না বা মানতে চান না। এ কারণে নানা সমস্যার সৃষ্টি হয়। রামগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, প্রধান শিক্ষকের পদগুলো পূরণের জন্য তিনি প্রতি মাসেই জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে প্রতিবেদন পাঠান।