বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই প্রায় ১২ বছর। আর ১০ বছরেরও বেশি সময় ধরে একজন সহকারী শিক্ষক পরিচালনা করছেন বিদ্যালয়ের সব কর্মকাণ্ড। অথচ সেখানে তিনজন শিক্ষকের কোটা রয়েছে। চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থীর সংখ্যা ১৪৭ জন। উপায়ান্তর না দেখে মাঝেমধ্যে ধার করা শিক্ষক দিয়ে চালানো হয় শিক্ষার্থীদের পাঠদানের কাজ। এমন চিত্র পটুয়াখালীর গলাচিপা উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের গহীনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা ইয়াসমিন শিক্ষার্থীদের পাঠদানে সহযোগিতা করার জন্য গহীনখালী এলাকার মোসাম্মাৎ কণিকাকে চুক্তিতে নিয়োগ করেছেন। ফাতেমা ইয়াসমিন বলেন, ‘আমার কাজে সহযোগিতার জন্য কণিকাকে মাসিক চুক্তিতে সঙ্গে নিয়েছি। তাঁকে প্রতি মাসে দেড় হাজার করে টাকা দিতে হবে। এ টাকা আমার ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করব।’ বিদ্যালটির দুরবস্থা দেখে একটি বেসরকারি সংস্থা (এনজিও) একই এলাকার আসমা বেগম নামের অপর একজনকে পাঠদানের জন্য চুক্তিতে নিয়োগ করেছে।নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয়ের কয়েকজন অভিভাবক জানান, ধার করা শিক্ষক দিয়ে সাময়িকভাবে ক্লাস চালানো যায়। কিন্তু তাঁদের ওপর পুরোপুরি নির্ভর তো করা যায় না। কারণ প্রচলিত পাঠ্যক্রমের ওপর তাঁরা নিয়মিত কোনো প্রশিক্ষণ পাচ্ছেন না। সে কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্তই হচ্ছে।বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা বারবার কর্তৃপক্ষকে সমস্যার কথা জানিয়েছি। কিন্তু কোনো ফল হয়নি।’উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ আর এম মিজানুর রহমান বলেন, ‘উপজেলায় সহকারী শিক্ষকেরও ঘাটতি রয়েছে। নতুন শিক্ষক নিয়োগ করা হলে ওই বিদ্যালয়ের শিক্ষকের ঘাটতি পূরণের ব্যবস্থা করা হবে। আশা করি, আগামী এক মাসের মধ্যে আমরা ওই বিদ্যালয়ের সব কটি পদ পূরণ করতে পারব।’