প্রধান শিক্ষক নেই ৪২৭টি প্রাথমিক বিদ্যালয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ৪২৭টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ৩৩১টি। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে নিয়োগ ও পদোন্নতি না থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, টাঙ্গাইল জেলায় ১২টি উপজেলায় ১ হাজার ৬০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রধান শিক্ষক পদে ৪২৭টি ও সহকারী শিক্ষক পদে ৩৩১টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উভয় পদেই ঘাটাইল উপজেলায় ৭১, সখীপুরে ৮০, গোপালপুরে ১০১, বাসাইলে ৪৩, টাঙ্গাইল সদরে ৪৯, দেলদুয়ারে ৪২, মির্জাপুরে ৮৬, কালিহাতীতে ৫৯, মধুপুরে ৪৪, নাগরপুরে ৯৯, ভূঞাপুরে ৫৮, ধনবাড়ী উপজেলায় ২৬সহ মোট ৭৫৮টি পদ শূন্য আছে।
বাসাইলে ১৬ জন এবং দেলদুয়ারে ৯ জন শিক্ষক প্রধান শিক্ষক পদে পদোন্নতির জন্য আদালতের শরণাপন্ন হয়েছেন। মামলা চলমান রয়েছে।
শিক্ষকসংকটের ফলে পাঠদানসহ প্রাতিষ্ঠানিক কার্যক্রমে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হয় বিদ্যালয় কর্তৃপক্ষ। অনেক শিক্ষক ও শিক্ষার্থী জানায়, এ কারণে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। তারা দ্রুত সমস্যার সমাধান চেয়েছে।
কালিহাতী উপজেলার নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদ বলেন, বিদ্যালয়গুলোতে শিক্ষকের শূন্যপদের কারণে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। এতে একদিকে যেমন শিক্ষার মানোন্নয়ন ব্যাহত হচ্ছে, অন্যদিকে যথাযথ পাঠদান থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে।
নাগরপুর উপজেলার সুটাইন রংসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই প্রায় দেড় বছর। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল আজিজ বলেন, প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে অসুবিধা হচ্ছে। একজন সহকারী শিক্ষককেই প্রধান শিক্ষকের কাজ করতে হয়। এতে পাঠদান ব্যাহত হচ্ছে।
কালিহাতীর দড়িখসিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গত বছরের ফেব্রুয়ারিতে অবসরে গেছেন। তারপর আর নতুন কাউকে পদায়ন করা হয়নি। এই বিদ্যালয়ের শিক্ষক শরীফুল ইসলাম জানান, প্রধান শিক্ষক না থাকায় মা সমাবেশ, পরিচালনা পরিষদের সঙ্গে সভা এবং উপজেলা শিক্ষা কার্যালয়ের সঙ্গে ঠিকমতো যোগাযোগ রক্ষা করে বিদ্যালয় পরিচালনা করা যাচ্ছে না।
টাঙ্গাইল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল হামিদ বলেন, এ সমস্যা সমাধানে সব জট নিরসন করে দ্রুত পদোন্নতির ব্যবস্থা নেওয়া এবং নতুন শিক্ষক নিয়োগ ও পদায়ন প্রয়োজন।
টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বলেন, অবসরজনিত, চাকরি পেয়েও ছেড়ে দেওয়া, নিয়োগ, পদোন্নতি বন্ধসহ আরও অনেক কারণে শিক্ষকদের পদ শূন্য থাকে। ফলে শিক্ষা এবং বিদ্যালয়ের নিয়মিত কাজগুলো বাধাপ্রাপ্ত হয়। অতি দ্রুত জেলার শিক্ষকের শূন্যপদগুলো পূরণ হয়ে যাবে বলে তিনি আশা করছেন।