প্রধান শিক্ষক নেই ৫১টির ৪০টিতেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের অধীন ৫১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ৪০টিতে কোনো প্রধান শিক্ষক নেই। দীর্ঘদিন পদগুলো খালি রয়েছে। বিভিন্ন বিদ্যালয়ে ২৯টি সহকারী প্রধান শিক্ষক ও ২৪১টি সহকারী শিক্ষকের পদও শূন্য। নিয়মিত নিয়োগ ও পদোন্নতি না হওয়ায় এ ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। এতে এসব বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনায় অচলাবস্থার সৃষ্টি হচ্ছে। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। এ প্রসঙ্গে জানতে চাইলে মাউশি চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মো. আজিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসব বিষয়ে জানে। আশা করি, খুব দ্রুত সব সমস্যার সমাধান হবে।’ মাউশি সূত্রে জানা যায়, চট্টগ্রাম অঞ্চলের মধ্যে রয়েছে সাতটি জেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। সাতটি জেলা হচ্ছে: চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী ও নোয়াখালী। এসব জেলায় মোট ৫১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলায় ১৩টি, কক্সবাজারে ছয়টি, রাঙামাটিতে ছয়টি, বান্দরবানে সাতটি, খাগড়াছড়িতে পাঁচটি, নোয়াখালীতে ১২টি এবং ফেনী জেলায় দুটি উচ্চমাধ্যমিক বিদ্যালয় রয়েছে। যে ৪০টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে, সেগুলো হলো: বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়, হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয়, সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পটিয়া আবদুর রহমান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চবিদ্যালয়, সন্দ্বীপ কারগিল সরকারি উচ্চবিদ্যালয়, সন্দ্বীপ মোমেনা-সেকান্দর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, চকরিয়া সরকারি উচ্চবিদ্যালয়, চকরিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মহেশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়, রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কাপ্তাই নারানগিরি সরকারি উচ্চবিদ্যালয়, লংগদু সরকারি উচ্চবিদ্যালয়, জুরাছড়ি ভুবনজয় সরকারি উচ্চবিদ্যালয়, রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চবিদ্যালয়, বান্দরবান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, লামা সরকারি উচ্চবিদ্যালয়, আলীকদম সরকারি উচ্চবিদ্যালয়, রোয়াংছড়ি সরকারি উচ্চবিদ্যালয়, নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারি উচ্চবিদ্যালয়, রুমা সরকারি উচ্চবিদ্যালয়, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়, মানিকছড়ি রানী নীহার দেবী সরকারি উচ্চবিদ্যালয়, নোয়াখালী জিলা স্কুল, নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, বসুরহাট এ এইচ সি সরকারি উচ্চবিদ্যালয়, কোম্পানীগঞ্জ মাকসুদাহ্ সরকারি উচ্চবিদ্যালয়, হাতিয়া শহর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, হাতিয়া ওছখালী কে এস এস সরকারি উচ্চবিদ্যালয়, চাটখিল পাঁচগাঁও সরকারি উচ্চবিদ্যালয়, চাটখিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সেনবাগ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, সেনবাগ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়। ৫১টি বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকের ৬৩টি পদের বিপরীতে কর্মরত আছেন ৩৪ জন। খালি রয়েছে ২৯টি পদ। সহকারী শিক্ষকের এক হাজার ২৮৯টি পদের বিপরীতে কর্মরত আছেন এক হাজার ৪৮ জন। খালি রয়েছে ২৪১টি পদ।জানা যায়, ২০১০ সালে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, দ্বিতীয় পালার (ডাবল শিফট) বিদ্যালয়গুলোর শিক্ষকসংকট নিরসনের জন্য ২০১১ সালে ১৯৬ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া ২০১০ সালে ৫৩ জন সহকারী প্রধান শিক্ষককে পদোন্নতি দেওয়া হয়। এর মধ্যে ২৩ জনকে প্রধান শিক্ষক পদে ও ৩০ জনকে জেলা শিক্ষা কর্মকর্তার পদে পদোন্নতি দেওয়া হয়।