প্রধান শিক্ষক পেতে আর কত দিন
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ভগবান সরকারি উচ্চবিদ্যালয়টি ২৬ বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে পরিচালিত হচ্ছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তরে বহুবার পত্র দিয়েও কোনো কাজ হয়নি। বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৪৫ সালে স্থানীয় অবিনাশ চন্দ্র লোধ তাঁর বাবা ভগবান চন্দ্র লোধের নামে এ এলাকায় প্রথম ভগবান উচ্চবিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ১৯৮৬ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ৫৬৪ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষকের পদ ১৫টি। এর মধ্যে ইংরেজি শিক্ষক মাতৃত্বকালীন ছুটিতে এবং গণিত শিক্ষক এক বছরের জন্য বিএড প্রশিক্ষণে আছেন।বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে ১৬ জন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। এর মধ্যে সরকারি হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৩ জন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। তাঁদের বেশির ভাগ ছিলেন সহকারী শিক্ষক। গত ২৬ বছরে প্রধান শিক্ষক পদায়ন না করায় বিদ্যালয়টি নানামুখী সমস্যার মধ্য দিয়ে পরিচালিত হয়ে আসছে।প্রধান শিক্ষকের চলতি দায়িত্বে থাকা সহকারী প্রধান শিক্ষক তাহেরা বেগম বলেন, ভগবান সরকারি উচ্চবিদ্যালয়ে গত ২৬ বছরে প্রধান শিক্ষক দেওয়া হয়নি। সরকারি হওয়ার পর বিভিন্ন সময় সহকারী শিক্ষকেরা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে প্রধান শিক্ষক পদে লোক নিয়োগ দেওয়া প্রয়োজন। এ ব্যাপারে জানতে চাইলে কুমিল্লা অঞ্চলের উপপরিচালকের দায়িত্বে থাকা বিদ্যালয় পরিদর্শক সেতারা বেগম বলেন, ‘ভগবান সরকারি উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্যসহ কিছু সমস্যা আছে। সমস্যাগুলো সম্পর্কে আমরা আগে থেকে অবগত আছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়া হবে।’