প্রধান শিক্ষক বদলিনীতি সংশোধনের দাবি
ঢাকাসহ শহরাঞ্চলে উপজেলা থেকে প্রধান শিক্ষক বদলিনীতি সংশোধন করা ও বদলি বন্ধ করা, জরুরি ভিত্তিতে জ্যেষ্ঠ শিক্ষকদের প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্ব দেওয়া ও দ্রুত পদোন্নতি দেওয়াসহ বেশ কিছু দাবিতে সংবাদ সম্মেলন করেছেন প্রাথমিক শিক্ষক অধিকার সুরক্ষা ফোরাম।
আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি তোলা হয়। এ সময় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, সাত বছর ধরে প্রধান শিক্ষকদের পদোন্নতি বন্ধ। অনেককেই পদোন্নতিবিহীন অবসরে যেতে হয়েছে। চলতি বছরের প্রথম সপ্তাহে ঢাকাসহ শহরাঞ্চলে উপজেলা থেকে প্রধান শিক্ষক বদলি করা আনা হচ্ছে। ফলে শহরাঞ্চলে প্রধান শিক্ষক পদে পদোন্নতির দ্বার বন্ধ করে কেড়ে নেওয়া হচ্ছে সহকারীদের অধিকার। একই সঙ্গে প্রধান শিক্ষকের দুই ধাপ নিচে বেতন দিয়ে সহকারী শিক্ষকদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে।
লিখিত বক্তব্যের দাবিতে আরও বলা হয়, প্রাথমিক শিক্ষাকে অধিকতর যুগোপযোগী বা সচল করার লক্ষ্যে প্রধান শিক্ষক ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে শতভাগ পদোন্নতির ব্যবস্থা করা, পদোন্নতির মাধ্যমে মহাপরিচালক পর্যন্ত পদ পূরণের পদক্ষেপ গ্রহণ, সরকারি শিক্ষকদের বেতন বৈষম্য দূর করা ও প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির ক্ষমতাসহ গেজেটের মর্যাদা ও স্কেল প্রদান করা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, কেন্দ্রীয় কমিটির সদস্য তসলীমা আক্তার জাহান, প্রমুখ।