সহকারী প্রধান শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে খুলনার ডুমুরিয়া উপজেলার মিকশিমিল রুদাঘরা উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতির হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ওই কমিটির আটজন সদস্য পদত্যাগ করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম জর্দ্দার বলেন, ‘আমাকে লাঞ্ছিত করা ও কমিটির সদস্যদের পদত্যাগের বিষয়টি যশোর বোর্ড কর্তৃপক্ষকে জানিয়েছি।’
অভিযোগ অস্বীকার করে কমিটির সভাপতি মোস্তফা কামাল বলেন, ‘প্রধান শিক্ষকের কথাগুলো সম্পূর্ণ মিথ্যা। এমন কোনো ঘটনা ঘটেনি। আর আমি চারজনের পদত্যাগের কথা শুনেছি। তবে কয়েকজন আবার প্রত্যাহার করবেন বলেও শুনেছি।’
জানা গেছে, গত ১১ অক্টোবর মিকশিমিল রুদাঘরা উচ্চবিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়। এ নিয়োগকে কেন্দ্র করে প্রধান শিক্ষকের সঙ্গে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা কামালের বিরোধ সৃষ্টি হয়। প্রধান শিক্ষক স্বচ্ছ নিয়োগ পরীক্ষার দাবি জানালেও সভাপতি তা না মেনে তাঁর পছন্দের প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করতে কাগজপত্রে সই দিতে বলেন। কিন্তু প্রধান শিক্ষক তাতে রাজি না হওয়ায় গত ১৪ অক্টোবর বিদ্যালয়ের কার্যালয়কক্ষে সভাপতি তাঁকে গালিগালাজ করে চলে যান। গত ২৪ অক্টোবর দুপুরে সভাপতি আবার তাঁর দলবল নিয়ে বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সামনেই তর্কাতর্কির একপর্যায়ে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করেন।
ওই ঘটনার প্রতিবাদে ৩০ অক্টোবর বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির শিক্ষক প্রতিনিধি আবদুল খালেক মোড়ল, জয়দেব কুমার ও উষারানী বিশ্বাস এবং অভিভাবক প্রতিনিধি গাজী আবদুস সালাম যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে দেন। ২১ নভেম্বর আরও চার অভিভাবক সদস্য আবদুর রাজ্জাক সরদার, মাহাবুর রহমান গাজী, রাশেদ মোল্লা ও বাসন্তী দত্ত সভাপতির কাছে পদত্যাগপত্র দেন।
উষারানী বিশ্বাস বলেন, ‘আমার সামনেই প্রধান শিক্ষককে লাঞ্ছিত করায় আমি কমিটি থেকে পদত্যাগ করেছি।’ যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, প্রধান শিক্ষককে লাঞ্ছিত করা ও কমিটির সদস্যদের পদত্যাগ সম্পর্কে খুলনার উপপরিচালককে তদন্ত করতে বলা হয়েছে। প্রতিবেদন হাতে এলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।