প্রধান শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের কালীগঞ্জের গোড়ল ইউনিয়নের খান্ডোরচড়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রতিবন্ধী প্রধান শিক্ষক আবদুল লতিফকে শারীরিকভাবে লাঞ্ছিতের প্রতিবাদে গতকাল শনিবার বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন ও সমাবেশ করেছে। বিদ্যালয় চত্বরে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এসব কর্মসূচি বেলা একটা পর্যন্ত চলে।
সমাবেশে বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোলজার হোসেন, প্রধান শিক্ষক লতিফ প্রমুখ।
বক্তারা বলেন, ‘বাধ্য না হলে আমরা ক্লাস বর্জন করে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করতাম না। এলাকায় মাতব্বর বলে পরিচিতি আবদুস সাত্তার গং প্রভাবশালী হওয়ায় তাঁদের অন্যায়ের শান্তিপূর্ণ প্রতিবাদের অংশ হিসেবে এসব কর্মসূচি পালন করা হলো। আমরা আশা করব, উপজেলা প্রশাসন, থানা-পুলিশ ও শিক্ষা বিভাগ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক লতিফকে বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সদস্য আবদুস সাত্তার শারীরিকভাবে (চড়-থাপ্পড় ও কিল-ঘুষি) লাঞ্ছিত করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, প্রধান শিক্ষক লতিফের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।