প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত, প্রতিবাদে বিদ্যালয়ে তালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের আদর্শ স্কুলের প্রধান শিক্ষক আবদুল লতিফকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে বিদ্যালয়ে তালা লাগিয়ে দিয়েছেন অভিভাবকেরা। গতকাল শনিবার সকাল আটটায় এ ঘটনা ঘটে।
গত শুক্রবার বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভায় বিদ্যালয়ের স্বার্থ ও উন্নয়ন পরিপন্থী কাজ করার অভিযোগে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।
বিদ্যালয় এবং স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটায় কতিপয় ক্ষুব্ধ অভিভাবক প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের প্রতিবাদে বিদ্যালয়ের ফটকে এসে বিক্ষোভ প্রদর্শন করেন এবং বিদ্যালয়ের ফটকসহ শ্রেণিকক্ষগুলোতে তালা ঝুলিয়ে দেন। এ সময় বিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী বাড়ি ফিরে যায়। পরে দুপুরে কমিটির কর্মকর্তা এবং শিক্ষকেরা এসে তালা খুলে দেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল বাসার বলেন, ‘সমস্যা সমাধানের চেষ্টা চলছে।’