প্রধান শিক্ষক হওয়া নিয়ে দ্বন্দ্ব, বিদ্যালয়টি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার নলকা শমসের ইউছুব রেজিস্ট্রার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়া নিয়ে দ্বন্দ্বে শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রায় সাত মাস বন্ধ ছিল। গত ২০ মে বিদ্যালয়টি একবার খোলা হলেও বেশির ভাগ দিন বন্ধ থাকছে বিদ্যালয়টি। এতে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষাজীবন। উপবৃত্তির টাকাও পাচ্ছে না তারা।বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক আবুল হোসেন ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর অবসর নেন। অবসরের একদিন পর বিদ্যালয় পরিচালনা কমিটি শিক্ষক মির্জা ফরিদা সুলতানাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেয়। তিনি প্রায় এক বছর দায়িত্ব পালন করেন। কিন্তু একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকলিমা খাতুন ২০১১ সালের ২৫ অক্টোবর প্রধান শিক্ষকের পদ দাবি করতে থাকেন। এ নিয়ে দুজনের মধ্যে কয়েকবার ঝগড়া হয়। প্রধান শিক্ষকের পদ পেতে দুই-তিন দিন পর জামালপুর জজ আদালতে মামলা করেন ফরিদা। এরপর থেকে বিদ্যালয়টি বন্ধ থাকে। বর্তমানে মামলাটি বিচারাধীন।ফরিদা সুলতানা প্রথম আলোর কাছে দাবি করেন, ‘আমি বৈধভাবেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছি। কিন্তু শিক্ষা কর্মকর্তা সহকারী শিক্ষক আকলিমা খাতুনকে প্রধান শিক্ষক দেখিয়ে তাঁর কাছ থেকে উপবৃত্তির চাহিদা নিয়ে উপবৃত্তি দেওয়ার চেষ্টা করেন, যে কারণে আমি ১৫ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর উপবৃত্তি আপাতত স্থগিত রেখে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আবেদন করেছি।’এ ব্যাপারে নলকা শমসের ইউছুব রেজিস্ট্রার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মজিবর রহমান বলেন, প্রধান শিক্ষক আবুল হোসেন অবসরে যাওয়ার পর হুইপ ও স্থানীয় সাংসদ মির্জা আজমের বাবা মির্জা আবুল কাসেম তাঁর ভাতিজি সহকারী শিক্ষক মির্জা ফরিদা সুলতানাকে প্রধান শিক্ষকের পদ দেওয়ার অনুরোধ করেছিলেন। পরে কমিটির সব সদস্যের সঙ্গে আলোচনা করে ফরিদা সুলতানাকে সাময়িকভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদে নিয়োগ দেওয়া হয়। এরই মধ্যে মির্জা আবুল কাশেমের মৃত্যু হয় এবং সহকারী শিক্ষক আকলিমা বেগম প্রধান শিক্ষক পদে পদোন্নতি পান। পরে রেজুলেশনের মাধ্যমে আকলিমা বেগমকে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়। আকলিমা বেগম বলেন, ‘প্রধান শিক্ষক হিসেবে গত বছরের জুলাই মাসে পদোন্নতি পাওয়ার পর আমি কমিটির কাছে প্রধান শিক্ষকের পদের জন্য আবেদন করি। কমিটির লোকজন আমার যোগ্যতা যাচাই-বাছাই করে আমাকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেন।’ গত শনিবার ওই বিদ্যালয়ে গিয়ে জানা যায়, সাত মাস বিদ্যালয় থাকার পর জেলা শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমানের নির্দেশে উপজেলা শিক্ষা কর্মকর্তা গত ২০ মে বিদ্যালয়টি খুলে দেন। কিন্তু এর পরও বিদ্যালয়টি প্রায় দিন বন্ধ থাকে। বিদ্যালয়ের শিক্ষার্থী ১৭৫ জন হলেও শনিবার প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মাত্র ২৭ জন শিক্ষার্থী পাওয়া গেছে। একটি মাত্র টিউবওয়েল। তারও মাথা নেই। দুটি শ্রেণীকক্ষের তালা খোলা হয় না। অন্য দুটি কক্ষে তালা লাগানোর ব্যবস্থা নেই।অভিভাবক আমেনা বেওয়া বলেন, দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকায় শতকরা ৮০ ভাগ ছাত্রছাত্রী আশপাশের স্কুলে চলে গেছে। নয় মাস ধরে শিক্ষার্থীরা উপবৃত্তি পাচ্ছে না। এ কারণেও শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে। বেতন না দেওয়ায় শিক্ষকেরাও আসেন না। নাম জানাতে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তারা বিদ্যালয়ের সভাপতির যোগসাজশে মোটা অঙ্কের ঘুষ নিয়ে ওই বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকার সময় আরেকজনকে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ায় এই অচলাবস্থার সৃষ্টি। অভিযোগ অস্বীকার করে উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মুনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি কোনো ঘুষ নিইনি। প্রধান শিক্ষক নিয়োগের ব্যাপারে আমার নিম্নমান সহকারী কখন স্বাক্ষর করে নিয়েছে জানি না। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যমান অবস্থায় উপবৃত্তি আপাতত স্থগিত রাখা হয়েছে।’