প্রধান শিক্ষক হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার বারহাট্টায় মনাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন বিশ্বাসকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ বৃহস্পতিবার বারহাট্টাসহ জেলার পাঁচটি উপজেলায় একযোগে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের দুই সদস্য কালাচান ও ফোয়াদ খান বাবুল এবং কালাচানের ছোট ভাই এমদাদুল হক ওরফে হীরা।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে নিহতের ভাই কাজল বিশ্বাসকে বাদী করে মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আবুল কাশেম মেম্বারকে আটকের চেষ্টা চলছে।

কাজল বিশ্বাসও বলে আজ সন্ধ্যা ছয়টার দিকে প্রথম আলোকে বলেছেন, ঘণ্টা দু’য়েকের মধ্যে চারজনকে আসামি করে মামলা করা হবে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক প্রথম আলোকে বলেন, মূল পরিকল্পনাকারীসহ খুনের ঘটনায় জড়িত তিনজনকে ১২ ঘণ্টা মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে কালাচানকে বুধবার রাত ১১টার দিকে বারহাট্টা ও ধরমপাশার খাসিমারা সীমানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। কালাচান ছাড়া অন্যদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদিকে এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ডাকে আজ দুপুরে জেলার বারহাট্টা, কলমাকান্দা, পূর্বধলা, দুর্গাপুর ও মদন উপজেলা সদরে একযোগে কালো ব্যাজ ধারণ, মৌন মিছিল, মানববন্ধন এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়। বেলা সাড়ে ১১টা দিকে বারহাট্টার কেন্দ্রীয় স্মৃতিসৌধ থেকে মৌন মিছিল শুরু হয়ে থানার সামনে গিয়ে শেষ হয়। এর পর শিক্ষকেরা থানার সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। এতে শিক্ষকদের সঙ্গে স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা কর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যোগ দেন। মানববন্ধনে বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় আসামিদের ফাঁসিসহ পরিচালনা কমিটির অযাচিত হস্তক্ষেপ থেকে প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মুক্ত করার দাবি জানান। একই দাবিতে তারা ইউএনওর কাছে স্মারকলিপিও পেশ করেন।

পরিচালনা পর্ষদের দ্বন্দ্বের জের ধরে দুর্বৃত্তরা গতকাল বুধবার সকালে মনাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন বিশ্বাসকে স্কুলে যাওয়ার পথে কুপিয়ে হত্যা করে।