প্রধান শিক্ষক ২০ মাস ধরে অনুপস্থিত
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ২০ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদরুজ্জেহা।
এলাকাবাসী ও উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, হারুনার রশিদ ওরফে শাহিন ১৯৯০ সালের ২ জানুয়ারি কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। ২০১১ সালের ৩১ মে ঘুড়কা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে তিনি জয়ী হন। ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তিনি বিদ্যালয়ে পাঠদান করেন। এর পর থেকে তিনি আর বিদ্যালয়ে যাচ্ছেন না। এ জন্য তাঁর বেতন-ভাতা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ ২০১৩ সালের ২৮ নভেম্বর কৈফিয়ত তলব করে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে হারুনার রশিদকে ১৫ দিন সময় দেন। চলতি বছরের ১২ মে বিধিবহির্ভূতভাবে বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য জবাব চেয়ে সাত দিন সময় দিয়ে তাঁকে চিঠি পাঠানো হয়। কিন্তু হারুনার রশিদ কোনো কিছুরই তোয়াক্কা করছেন না।
এদিকে হারুনার রশিদের বিরুদ্ধে একই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউপি চেয়ারম্যান পদে থাকার বৈধতার বিষয়ে জেলা প্রশাসক ও ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। রায়গঞ্জ গ্রামের মো. টি আজম গত ৪ মে ওই অভিযোগ দেন। পরে জেলা প্রশাসক বিষয়টি তদন্ত করতে ইউএনওকে নির্দেশ দেন। ইউএনও আবার উপজেলা শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদকে বিষয়টি তদন্ত করতে নির্দেশ দেন। আপেল মাহমুদ তদন্ত করে ঘটনার সত্যতা পান।
এ ব্যাপারে হারুনার রশিদ বলেন, ‘চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয়ের কাজ করেছি ও বেতন-ভাতা তুলেছি। তবে ওই সময়ে ইউনিয়ন পরিষদ থেকে সম্মান নিইনি, এখনো নিচ্ছি না।’