প্রধান শিক্ষকই করণিক!
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার একমাত্র মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান রোয়াংছড়ি উচ্চবিদ্যালয়ে শিক্ষকসংকটে পাঠদান ব্যাহত হচ্ছে। অভিভাবকদের কাছ থেকে চাঁদা তুলেও খণ্ডকালীন শিক্ষক পাওয়া যাচ্ছে না বলে উপজেলা পরিষদের চেয়ারম্যান জানিয়েছেন। পাশাপাশি শ্রেণীকক্ষ ও আসবাবপত্র-সংকটে ভর্তির সুযোগ না পেয়ে প্রতিবছর প্রাথমিক শিক্ষা শেষ করা অর্ধশতাধিক শিক্ষার্থী ঝরে পড়ছে বলে জানান শিক্ষকেরা।বিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, একজন ধর্মীয় শিক্ষকসহ মাত্র চারজন শিক্ষক নিয়ে প্রায় এক বছর ধরে বিদ্যালয়টির কার্যক্রম চলছে। প্রধান শিক্ষক আবদুস সবুর বলেন, ‘ধর্মীয় শিক্ষক শুধু ইসলামধর্মের ওপর পাঠদান করেন। বিদ্যালয়ে দুজন করণিকের পদ আছে, কিন্তু একজনও নেই। তাই প্রধান শিক্ষক হয়ে আমাকেই করণিকের কাজ করতে হয়। চারজন কর্মরত শিক্ষক হলেও প্রকৃত অর্থে মাত্র দুজন শিক্ষক নিয়ে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় ৪০০ ছাত্রছাত্রীর পাঠদান চলছে।’সহকারী শিক্ষক বোধিচন্দ্র তঞ্চঙ্গ্যা বলেন, অবিরাম ক্লাস নিতে নিতে অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে।এসএসসি পরীক্ষার্থী লিলিউ মারমা বলে, ‘বিজ্ঞান ও গণিতের শিক্ষক না থাকায় সমস্যায় পড়ছি।’অভিভাবক ও এলাকার সমাজকর্মী ক্যবামং মারমা বলেন, সরকার ও শিক্ষাপ্রশাসনের পার্বত্য চট্টগ্রামে শিক্ষাপ্রসারবিমুখ দৃষ্টিভঙ্গি রয়েছে। তিনি আরও বলেন, এ বিদ্যালয়ে নতুন নিয়োগের পরে প্রথম পদায়িত (ফার্স্ট পোস্টিং) অনভিজ্ঞ শিক্ষক ছাড়া কোনো সময়ই অভিজ্ঞ শিক্ষক দেওয়া হয়নি। অনভিজ্ঞ শিক্ষকদেরও গোপনে বদলি করে নিয়ে যাওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।উপজেলা পরিষদের চেয়ারম্যান হ্লাথোয়াইহ্রি মারমা বলেন, বদলি হওয়া কয়েকজন শিক্ষককে ছাড়পত্র না দিয়ে রাখা হয়েছিল। কিন্তু পরে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক স্বপ্রণোদিত ছাড়পত্রের ভিত্তিতে বদলি করায় তাঁরা গোপনে কর্মস্থল ত্যাগ করেছেন। এখন অভিভাবকদের কাছ থেকে চাঁদা তুলেও খণ্ডকালীন শিক্ষক পাওয়া যাচ্ছে না।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক হোসনে আরা বেগম রোয়াংছড়িসহ পার্বত্য দুর্গম উপজেলার বিদ্যালয়গুলোয় শিক্ষকসংকট থাকার কথা স্বীকার করে বলেন, ‘আমি পার্বত্য অঞ্চল থেকে শিক্ষকদের বদলি করতে চাই না। কিন্তু শিক্ষকেরা সেখানে থাকতে না চাওয়ায় উচ্চ মহলে তদবির করে আঞ্চলিক বা বিভাগীয় দপ্তরকে অবহিত না করেই বদলি হয়ে যান।’ আগামী মাসে শিক্ষক নিয়োগ দেওয়া হলে রোয়াংছড়িতে পাঠানো হবে বলে তিনি জানান।