প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া ইউনাইটেড হাই ইনস্টিটিউশনের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাঁকে অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গত শুক্রবার বিকেল পাঁচটা থেকে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে শতাধিক অভিভাবক ও শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধন শেষে বিদ্যালয়ের মাঠে প্রতিবাদ সভা হয়। আবদুল করিম ফকিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অভিভাবক বশির আহমেদ, যুবলীগের নেতা মাইনুল হোসেন, বড় মাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জীবন অধিকারী প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের নিম্নমানের সহায়ক বই কিনতে বাধ্য করা এবং বিদ্যুতের নামে অতিরিক্ত টাকা উত্তোলনসহ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ আনেন।
বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র বায়েজিদ কাজী অভিযোগ করে, বিদ্যালয় কর্তৃপক্ষ জানুয়ারি মাসে শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণের ‘জননী’ গাইড নির্ধারণ করে। পরে ওই বই বাদ দিয়ে আবার ‘অভিনব’ গাইড কেনার নির্দেশ দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, প্রধান শিক্ষক মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিম্নমানের সহায়ক বই কিনতে শিক্ষার্থীদের বাধ্য করছেন।
প্রধান শিক্ষক অমলেন্দু মিত্র বলেন, অভিযোগগুলো মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
দুটি শিক্ষক সমিতির দ্বন্দ্বের কারণে তাঁর বিদ্যালয়ের শিক্ষকেরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। একটি পক্ষ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।