প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে এলাকাবাসীর বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার গাজীরচট এলাকার রাজ্জাক মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের নির্মমভাবে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী ওই শিক্ষককে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই শিক্ষককে উদ্ধার করে।
বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা জানায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান শিক্ষক নাজিদুর রহমান তাদের শ্রেণীকক্ষে গিয়ে অঙ্ক কষতে দেন। অঙ্ক না পারায় ওই শিক্ষক সব শিক্ষার্থীকে বেধড়ক পেটাতে থাকেন। এ সময় ভয়ে ও আঘাতে অনেকে চিৎকার করতে করতে শ্রেণীকক্ষ থেকে বের হয়ে যায়। বেতের আঘাতে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। ভয়ে তারা বিষয়টি চেপে যায়। আঘাত গুরুতর হওয়ায় অনেক শিক্ষার্থীর হাঁটাচলা করতেও কষ্ট হয়। একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক বিষয়টি জেনে যান। ঘটনা ব্যাপকভাবে জানাজানি হওয়ার পর গতকাল দুপুরে অভিভাবক ও এলাকাবাসী একজোট হয়ে ওই বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক নাজিদুর রহমানকে তাঁর কক্ষে অবরুদ্ধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় অন্য শিক্ষকেরা পালিয়ে যান। খবর পেয়ে বেলা তিনটার দিকে আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যান।
লাকী বেগম ও মো. রানাসহ আরও কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, জেএসসি পরীক্ষার নিবন্ধনের জন্য প্রধান শিক্ষক তাঁদের কাছ থেকে এক হাজার ৫০০ টাকা করে ফি নেন। কয়েক দিন আগে শিক্ষার্থীপ্রতি আরও এক হাজার টাকা করে দাবি করা হয়। গত শনিবার অভিভাবকেরা ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করায় প্রধান শিক্ষক ক্ষুব্ধ হন। এর জের ধরেই তিনি শিক্ষার্থীদের পিটিয়েছেন।
সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহরিয়ার মেন্দিস জানান, জেএসসির শিক্ষার্থীদের বোর্ড নির্ধারিত নিবন্ধন ফি ১৫০ টাকা থেকে ২২০ টাকা। এর বেশি টাকা নেওয়া অপরাধ।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষক নাজিদুর রহমান বলেন, জেএসসিতে ভালো ফল করার জন্য শিক্ষার্থীদের বেশি বেশি চাপ দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে ওই দিন তাদের অঙ্ক কষতে দেওয়া হয়। অঙ্ক না পারায় তাদের বেত্রাঘাত করা হয়। ক্ষুব্ধ হয়ে কাউকে পেটানো হয়নি। তিনি এক হাজার ৫০০ টাকা নিবন্ধন ফি আদায় করার পর আরও এক হাজার টাকা দাবি করার কথা স্বীকার করেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাকারিয়া হোসেন বলেন, প্রাথমিক তদন্তে শিক্ষার্থীদের নির্মমভাবে পেটানোর অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এ ব্যাপারে কেউ অভিযোগ করলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মোল্যা বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।