প্রধান শিক্ষককে আটকে রেখে সভাপতি নির্বাচন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারীতে স্থানীয় সাংসদের পছন্দের প্রার্থীকে ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে সমর্থন না দেওয়ায় যুবলীগের ক্যাডাররা একটি বিদ্যালয়ে হামলা চালিয়েছেন। তাঁরা তাঁকে সাংসদের বাড়িতে নিয়ে আটকে রেখে রেজ্যুলেশনে সই করিয়ে ওই প্রার্থীকে নির্বাচিতও করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুর ১২টার সময় রৌমারী উপজেলার টাপুরচর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে বন্দবেড় ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুবুল আলম ওরফে বাদলকে। এ বিষয়ে প্রধান শিক্ষক মীর আবদুল হক এবং ব্যবস্থাপনা কমিটির পাঁচ সদস্য অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, শনিবার সকালে বিদ্যালয়ে কমিটির ১১ সদস্যের উপস্থিতিতে সভাপতি নির্বাচনের লক্ষ্যে সভা চলছিল। সভায় কমিটির সদস্য যুবলীগের নেতা মাহবুবুল আলম ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফতাব হোসেন সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। ১১ সদস্যের মধ্যে ছয়জন আফতাব হোসেনকে সমর্থন করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মাহবুবুল আলম তাঁর সমর্থকদের খবর দেন। এতে তাঁর সমর্থক ১৫-২০ জন যুবলীগের কর্মী বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের চেয়ার ভাঙচুর করেন। পরে তাঁরা প্রধান শিক্ষককে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে কুড়িগ্রাম-৪ আসনের সাংসদ মো. জাকির হোসেনের বাসায় যান। বেলা সাড়ে তিনটা পর্যন্ত সেখানে আটক রাখা হয়। সেখানে রেজ্যুলেশন করে তাতে প্রধান শিক্ষকের সই নিয়ে মাহবুবুল আলমকে সভাপতি নির্বাচিত করা হয়। শেষে প্রধান শিক্ষককে ছেড়ে দেওয়া হয়। সহকারী শিক্ষক জালাল উদ্দিন জানান, আগেই রৌমারী থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। এসআই আবদুল কাদেরের নেতৃত্বে পুলিশও ঘটনাস্থলে উপস্থিত ছিল। এসআই আবদুল কাদের জানান, সভাপতির পদ নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে প্রধান শিক্ষককে সাংসদের কাছে নিয়ে যান যুবলীগের কর্মীরা। তবে কোনো চেয়ার ভাঙচুর করা হয়নি।মাহবুবুল আলম প্রধান শিক্ষককে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করে জানান, প্রধান শিক্ষক স্বেচ্ছায় সাংসদের বাসায় গেছেন। কুড়িগ্রাম-৪ আসনের সাংসদ মো. জাকির হোসেন প্রধান শিক্ষককে আটক রাখার ও রেজ্যুলেশনের কাগজে তাঁর সই নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, সভাপতি নির্বাচন আগেই সম্পন্ন করা হয়েছে। পরে সৌজন্য সাক্ষাতের জন্য প্রধান শিক্ষকসহ ম্যানেজিং কমিটির অন্য সদস্যরা স্বেচ্ছায় তাঁর সঙ্গে দেখা করার জন্য রৌমারী কেরামতিয়া মাদ্রাসায় আসেন। মাহবুবুল আলম তাঁর পছন্দের প্রার্থী কি না, জানতে চাইলে সাংসদ বলেন, সভাপতি পদের অপর প্রার্থী আফতাব হোসেন গতবারও কমিটির সভাপতি ছিলেন। তিনি চাচ্ছিলেন, এবার নতুন কেউ সভাপতি হোক।