প্রধান শিক্ষককে কারণ দর্শাও নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান পরীক্ষা না হওয়ার ঘটনায় প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি। গতকাল রোববার প্রধান শিক্ষককে তিন দিনের সময় বেঁধে দিয়ে এ নোটিশ দেন তিনি।
এদিকে ২৬ জুন একই কারণে তিন সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেন প্রধান শিক্ষক।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বুধবার অষ্টম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান পরীক্ষা না হওয়া, ছুটি ছাড়াই বিদ্যালয়ে অনুপস্থিত থাকা, স্বেচ্ছাচারিতা এবং দেড় বছর ধরে বিদ্যালয়ের আয়-ব্যয় হিসাব না দেওয়ায় প্রধান শিক্ষক মো. সাজ্জাত হোসেন ভূঁইয়াকে গতকাল বিকেলে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন কমিটির সভাপতি মো. আসাদুজ্জামান। এতে প্রধান শিক্ষককে তিন দিনের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে স্পষ্ট জবাব না দিতে পারলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে জানানো হয়।
এ ব্যাপারে সভাপতি আসাদুজ্জামান বলেন, বিদ্যালয়ের সব অব্যবস্থাপনা দূর করতে যা যা করা দরকার, একে একে সব করা হবে।
এদিকে গার্হস্থ্য বিজ্ঞান পরীক্ষা না হওয়ার কারণ জানতে চেয়ে প্রধান শিক্ষক এর আগেই তিন সহকারী শিক্ষক এমদাদুল হক, ইলিয়াস সরকার ও জাকির হোসেনকে নোটিশ দেন। তিনিও তিন দিনের সময় দিয়েছিলেন। শিক্ষকেরা গত শনিবার বিকেলে জবাব দেন। তাঁরা জানান, তাঁরা বরাবরই পরীক্ষার আগে ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলী খানের কাছ থেকে প্রশ্নপত্র বুঝে নেন। কিন্তু ওই দিন (বুধবার) পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে কাউকে কিছু না বলে সহকারী প্রধান শিক্ষকও বিদ্যালয় ত্যাগ করেন। তাই প্রশ্নপত্র না পেয়ে তাঁরা পরীক্ষা নিতে পারেননি। তিন শিক্ষকই নিজেদের নির্দোষ দাবি করেন।
পরীক্ষাটি না হওয়ার ঘটনায় গত শনিবার প্রথম আলোর বিশাল বাংলায় ‘শিবপুরে আ.লীগ নেতাদের দ্বন্দ্বে ভোগান্তিতে শিক্ষার্থীরা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
প্রধান শিক্ষক সাজ্জাত হোসেন এ ব্যাপারে কোনো বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।