প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ
অনৈতিক কাজ ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে বরগুনার পাথরঘাটা উপজেলায় আবদুর জব্বার খান নামের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাথরঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, প্রধান শিক্ষক আবদুর জব্বার খানের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাই ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে গত মঙ্গলবার কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
আবদুর জব্বার খান পাথরঘাটা পৌর শহরের আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ছাত্রীদের সঙ্গে অনৈতিক কাজ করেছেন এবং ছাত্রীদের অভিভাবকদের ডেকে কুপ্রস্তাব দিয়েছেন। এ ব্যাপারে পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজা আক্তার ৩ জানুয়ারি সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নাসিমা ফেরদৌসীর কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষক আবদুর জব্বার খান বলেন, ওই ছবি পিকনিকের সময় বিদ্যালয়ে বসে তোলা। তবে অনৈতিক কাজের অভিযোগ তিনি অস্বীকার করেছেন।