প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবস্থাপনা কমিটির যোগসাজশে গাছ কাটার অভিযোগে লালমনিরহাট সদর উপজেলার ফকিরটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ২১ এপ্রিল তাঁর কাছে ওই নোটিশ পাঠান।
সদর উপজেলার ঢাকনাই গ্রামের সবুর হোসেন ১৯ এপ্রিল লালমনিরহাট জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, তিন মাস আগে প্রধান শিক্ষক হাসিনা খানম ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা সীমানাপ্রাচীরের বাইরের একটি কাঁঠালগাছ ও দুটি ইউক্যালিপটাসগাছ কাটেন এবং বিদ্যালয়ের ২৪ মণ লোহার অ্যাঙ্গেল বিক্রি করেন। এ ছাড়া তাঁরা ১৩ থেকে ১৫ এপ্রিল সীমানাপ্রাচীরের ভেতর ও বাইরে থেকে আরও একটি নিম ও ১০টি ইউক্যালিপটাসগাছ কাটেন।
ওই অভিযোগ পেয়ে জেলা প্রশাসক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তাঁর নির্দেশে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। নোটিশ পাওয়ার পাঁচ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জবাব দাখিলের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, দুই দফায় কাটা গাছ ও বিক্রি করা অ্যাঙ্গেলের দাম আনুমানিক ১ লাখ ২৫ হাজার টাকা।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নবেজ উদ্দিন সরকার জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌখিকভাবে মাত্র পাঁচটি গাছ কাটার কথা স্বীকার করেছেন।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য হাফিজুর রহমান বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানিয়ে বিদ্যালয়ের গাছ কাটা ঠিক হয়নি।
প্রধান শিক্ষক হাসিনা খানম বলেন, ‘বিদ্যালয়ের পাঁচটি ইউক্যালিপটাসগাছ কাটা হয়েছিল এবং কাটা গাছ পড়ে বিদ্যালয়ের সীমানাপ্রাচীর ভেঙে গেছে। এ ব্যাপারে আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’ গাছগুলো কারা কেটেছে, জানতে চাইলে তিনি কিছু না বলে মুঠোফোনের সংযোগ কেটে দেন।