প্রধান শিক্ষককে চেয়ার দিয়ে পেটাল সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গতকাল শনিবার পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের উদয়পুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চেয়ার দিয়ে পিটিয়েছে সন্ত্রাসীরা।আহত প্রধান শিক্ষক হাসিনা খাতুনকে (৪০) সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গতকাল বেলা দুইটার দিকে হাসিনা খাতুন বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ক্লাস নিচ্ছিলেন। এ সময় পাঁচ থেকে সাতজনের একদল সন্ত্রাসী শ্রেণীকক্ষ থেকে তাঁকে অফিস কক্ষে আসতে বলে। তিনি অফিস কক্ষে যেতেই সন্ত্রাসীরা তাঁকে চেয়ার দিয়ে পেটাতে থাকে। তিনি দৌড়ে অফিস কক্ষের বাইরের মাঠে গিয়ে চেতনা হারিয়ে ফেললে সন্ত্রাসীরা পালিয়ে যায়।গুরুতর অসুস্থ অবস্থায় এলাকাবাসী হাসিনা খাতুনকে উদ্ধার করে সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তিনি প্রথম আলোকে বলেন, সম্প্রতি বিদ্যালয়ের নামে টিআর প্রকল্পের তিন টন গম বরাদ্দ হয়। তিনি গমগুলো বিক্রি করে ৩২ হাজার টাকা দিয়ে বিদ্যালয়ে মাটি তোলা ও বেঞ্চ তৈরির কাজ শুরু করেন। কিন্তু গত সপ্তাহ থেকে অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা মুঠোফোনে তাঁকে কম কাজ করে ওই টাকা থেকে ১০ হাজার টাকা চাঁদা দিতে বলে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান। এর জের ধরেই গতকাল তাঁকে পিটিয়ে আহত করা হয়।এ প্রসঙ্গে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল কালাম বলেন, ‘চাঁদা দাবির বিষয়টি শুনেছিলাম। কিন্তু এমন ঘটনা ঘটবে, ভাবতে পারিনি। আমরা এর বিচার চাই।’সুজানগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে আমরা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই শিক্ষকের জবানবন্দি নিয়েছি। তিনি এখনো মামলা করেননি। মামলা হলেই আসামিদের ধরতে অভিযান চালানো হবে।’