প্রধান শিক্ষককে পদত্যাগে বাধ্য, ছাত্রদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল রোববার বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে বিক্ষোভ প্রদর্শন করেছে।জানা গেছে, শনিবার সকাল সাড়ে নয়টায় বিদ্যালয়ে যাওয়ার পথে প্রধান শিক্ষক ফিরোজ আহমদকে ওই বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা কমিটির আবদুল জব্বার তালুকদার, আলমগীরসহ কয়েকজন চাতরী চৌমুহনী বাজার এলাকা থেকে জোর করে ধরে নিয়ে যান। ফিরোজ আহমেদ বলেন, ‘জাহাঙ্গীরের নেতৃত্বে পরিচালনা কমিটির কয়েকজন আমাকে জোরপূর্বক নিয়ে যান। পরে তাঁরা আমাকে শারীরিকভাবে নাজেহাল করে পদত্যাগপত্রে সই নেন।’ তাঁকে সরানোর জন্য বিদ্যালয়ের শিক্ষকসহ একটি পক্ষ চেষ্টা চালিয়ে আসছিল বলে প্রধান শিক্ষক অভিযোগ করেন। পদত্যাগের খবর জানাজানি হলে গতকাল রোববার বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ প্রধান শিক্ষককে পদত্যাগ করানোর প্রতিবাদে পরীক্ষা বর্জন করে। আরেক পক্ষ পরীক্ষা দিতে চাইলে দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।পরে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন ঘটনাস্থলে গিয়ে বৈঠক করে তাঁদের শান্ত করেন। অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, প্রধান শিক্ষক নিজেই পদত্যাগ করেছেন এবং বহিরাগত ব্যক্তিদের নিয়ে পরীক্ষা বানচালের চেষ্টা করেছেন। জোর করে পদত্যাগপত্র নেওয়ার অভিযোগ অস্বীকার করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. আলমগীরও।