প্রধান শিক্ষককে পিটিয়ে জখম করার অভিযোগ
ফরিদপুরের সদরপুর উপজেলার দক্ষিণ শৌলডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র মণ্ডলকে (৫৫) পিটিয়ে জখম করা হয়েছে। গত বুধবার বিদ্যালয়ের কার্যালয়ে ঢুকে এক ছাত্রীর চাচা তাঁর ওপর ওই হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই দিনই থানায় মামলা করা হয়েছে।
বিদ্যালয় থেকে জানা গেছে, গত বুধবার দুপুরে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রী ক্লাস ফাঁকি দেওয়ায় প্রধান শিক্ষক সুকুমার তাঁকে লাঠি দিয়ে আঘাত করেন। এ খবর শুনে কিছুক্ষণ পর মেয়েটির চাচা কবির মোল্লা ক্ষিপ্ত হয়ে তাঁর তিন-চারজন সহযোগীকে নিয়ে বিদ্যালয়ের কার্যালয়ে ঢুকে তাঁকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করেন। সুকুমারকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে কবির মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন বলেন, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার জন্য সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলা হয়েছে।